English
ঢাকা, রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

প্রকাশঃ ২০২৬-১১-০১ ১৬:১৮:১৮
আপডেটঃ ২০২৬-১১-০১ ১৬:৪২:৩১


আলোক শিক্ষালয়ে ‘স্বর্গভূমি বাংলা’

আলোক শিক্ষালয়ে  ‘স্বর্গভূমি বাংলা’


শিক্ষার্থীদের ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক আত্মপরিচয় অনুসন্ধানে বিশেষ আয়োজন

 

নিজস্ব প্রতিবেদক। বিপরীত স্রোত

 

সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও মনন বিকাশের লক্ষ্যে রাজধানীর পশ্চিম আগারগাঁওয়ের আলোক শিক্ষালয়ে গত ৩১ অক্টোবর ২০২৬, শনিবার অনুষ্ঠিত হয়েছে ‘স্বর্গভূমি বাংলা: বাংলার ইতিহাসকে দেখার এক নতুন দৃষ্টিভঙ্গি’ শীর্ষক বিশেষ আলোচনা ও দিনব্যাপী শিক্ষামূলক আয়োজন। শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানে বাংলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, আত্মপরিচয় এবং মানবিক মূল্যবোধের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

‘স্বর্গভূমি বাংলা’ শীর্ষক মূল আলোচনা ও প্রেজেন্টেশন উপস্থাপন করেন সাংবাদিক ও গবেষক মোহাম্মদ মাহমুদুজ্জামান। এক ঘণ্টার এই আলোচনায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তিনি বাংলার ইতিহাস ও ঐতিহ্যকে নতুন দৃষ্টিভঙ্গিতে তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদের নিজেদের দেশ, সমাজ, ইতিহাস ও সাংস্কৃতিক পরিচয় সম্পর্কে অনুসন্ধিৎসু হয়ে ওঠার আহ্বান জানান।

অনুষ্ঠানে আলোক শিক্ষালয়ের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক কাজী মিজানুল ইসলাম এবং প্রধান শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমান। শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও নৈতিক বিকাশে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন তারা।

আলোক শিক্ষালয়ের অবস্থান ২৬২/৪/সি, পশ্চিম আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা। প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয় ২০০৪ সালে। অধ্যাপক রাশেদা নাসরীন ও তাঁর কয়েকজন সহযোগী স্থানীয় বস্তিবাসীদের সন্তানদের বিনা বেতনে শিক্ষাদানের উদ্যোগ নিয়ে স্কুলটির কার্যক্রম শুরু করেন। পরবর্তীতে শিক্ষক ও শিক্ষার্থীর সংখ্যা বাড়তে থাকলে ২০১৫ সাল থেকে এখানে নামমাত্র বেতনে শিক্ষা কার্যক্রম পরিচালিত হতে থাকে।

সাধারণ শিক্ষার পাশাপাশি প্রতিষ্ঠানটি সুবিধাবঞ্চিত শিশুদের নৈতিক শিক্ষা ও সৃজনশীলতা বিকাশেও বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। কোডিং কর্মশালা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মুক্তিযুদ্ধবিষয়ক আলোচনাসহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান ও মনন বিকাশের সুযোগ তৈরি করা হচ্ছে।

দিনের কর্মসূচির ধারাবাহিকতায় সকাল ১০টায় অনুষ্ঠিত হয় ‘সত্যদার কোচিং’ শীর্ষক ভিডিও প্রদর্শনী ও আলোচনা। এরপর শিক্ষার্থীদের অংশগ্রহণে বুদ্ধির খেলা এবং কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। সকাল ১১টা ৪০ মিনিট থেকে শুরু হয় প্রতিভা বিকাশ পর্ব। এতে শিক্ষার্থীরা নিজেদের ব্যক্তিগত দক্ষতা, প্রতিভা ও সৃজনশীলতা প্রকাশের সুযোগ পায়।

দুপুরের বিরতির পর অনুষ্ঠিত হয় গল্পপাঠ পর্ব। দিনের শেষ কার্যক্রম ছিল ‘শুদ্ধাচার চর্চা: প্রতিবেশীর সঙ্গে’। এ পর্বে সামাজিক দায়িত্ববোধ, পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা এবং প্রতিবেশীর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা হয়।

আলোক শক্তি দলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেয় আটটি দল—অপরাজিতা, গন্ধরাজ, মাধবীলতা, দোলনচাঁপা, নয়নতারা, হাসনাহেনা, রজনীগন্ধা ও চন্দ্রমল্লিকা।

আয়োজনটির মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের প্রচলিত পাঠ্যক্রমের বাইরে ইতিহাস, সংস্কৃতি ও সমাজ সম্পর্কে জানার আগ্রহ তৈরি করা। একই সঙ্গে তাদের মধ্যে যুক্তিবোধ, সৃজনশীলতা, নৈতিক সচেতনতা ও মানবিক মূল্যবোধের বিকাশে উৎসাহিত করা।

সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শিক্ষার সুযোগ সম্প্রসারণে আলোক শিক্ষালয়ের দীর্ঘদিনের উদ্যোগের সঙ্গে ‘স্বর্গভূমি বাংলা’ বিষয়ক এই আয়োজন যুক্ত করেছে ইতিহাস ও সাংস্কৃতিক আত্মপরিচয় চর্চার একটি নতুন মাত্রা।


ক্যাটেগরিঃ জীবনধারা,


আরো পড়ুন