English
ঢাকা, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

প্রকাশঃ ২০২০-০৭-২৯ ১২:৪৪:৫৬
আপডেটঃ ২০২৬-১১-০২ ০৯:০২:৩১


করোনায় আক্রান্ত কীভাবে বুঝবেন

করোনায় আক্রান্ত কীভাবে বুঝবেন

ডা. জাহ‌‌রা-আল-তাসনিম 



করোনা আক্রান্তদের কী ধরনের উপসর্গ দেখা যাবে তা কিছুটা নির্ভর করে ওই ব্যক্তির রোগ প্রতিরোধ ক্ষমতার উপর। যার রোগ-প্রতিরোধ ক্ষমতা ভালো তার ভাইরাল লোড কম হবে। শরীরে ভাইরাল লোড কম হলে, তিনি সাধারণত অ্যাসিম্পটোম্যাটিক থাকবেন। 

অর্থাৎ উল্লেখযোগ্য কোনো উপসর্গ দেখা যাবে না তার। মাঝারি মানের ভাইরাল লোড হলে অল্প জ্বর, গা ম্যাজ ম্যাজ করা, সামান্য গলাব্যথার মতো সমস্যা হতে পারে। আর ভাইরাল লোড বেশি হলে শরীর বেশি খারাপ হবে।

যে কোনো ছোটখাট উপসর্গও অনেক সময় মারাত্মক আকার নিতে পারে। তাই কোনো অবস্থাতেই এই অতিমারি সৃষ্টিকারী ভাইরাসকে অবহেলা করা উচিত নয়। চিকিৎসকের পরামর্শ নিয়ে কোভিড-১৯ টেস্ট করানো উচিত।

ভাইরাল লোড কম হলে অনেক সময়েই রিপোর্ট নেগেটিভ আসে। এমনিতেই কোভিড-১৯ এর টেস্ট আরটিপিসিআর-এর ফল ৩০% থেকে ৪০% ক্ষেত্রে নেগেটিভ আসে। চিকিৎসকের সন্দেহ হলে তিনি দ্বিতীয় ও তৃতীয়বার পরীক্ষা করাতে পারেন। এই বিভ্রান্তি এড়াতে চিকিৎসকগণ এখন চেস্ট এক্সরে, সি.বি.সি, ডি-ডাইমার, সি.আর.পি,সেরাম ফেরিটিন, হাই রেজোলিউশন চেস্ট সিটিস্ক্যান করানোর পরামর্শ দিয়ে থাকেন। 

 এই অসুখটাকে কোনো মতেই উপেক্ষা করা উচিত নয়। আক্রান্ত এলাকার বাসিন্দাদের প্রত্যেকেই সংক্রমিত হতে পারেন।

একনজরে জেনে নেওয়া যাক কী কী লক্ষণ দেখলে করোনার আশঙ্কা করতে পারেন।

১. গলা ব্যথা

২. শুকনো কাশি

৩. জ্বর জ্বর ভাব

৪. দুর্বলতা, গা ম্যাজম্যাজ করা

৫. মাথা, গা, হাত-পা ব্যথা করা

৬. জিভের স্বাদ ও গন্ধের বোধ চলে গিয়ে খাবার খেতে অনীহা

৭. মাথা ব্যথা

৮. চোখ লাল হয়ে পানি পড়া

৯. ডায়ারিয়া ও পেটে ব্যথা

১০. হাত ও পায়ের আঙুলের রং বদলে যাওয়া

১১. ত্বকে র‌্যাশ ও চুলকানি

১২. বুকে চাপ ধরা ভাব ও যন্ত্রণা

১৩. নিঃশ্বাসের কষ্ট, অল্প পরিশ্রমে হাঁপিয়ে যাওয়া

১৪. আচমকা কয়েক মিনিটের জন্যে ব্ল্যাক আউট হয়ে যাওয়া

১৫. কথা বলতে অসুবিধা হওয়া।

উপরের উপসর্গের কোনো একটি দেখলেই যে আতঙ্কিত হয়ে হাসপাতালে দৌড়াতে হবে তা নয়। এই লক্ষণগুলো যদি থাকে এবং সমস্যা বাড়তে শুরু করে তখন অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। এর আগে বাড়িতে থাকুন দূরত্ববিধি মেনে, মাস্ক পরে আর কোভিড-১৯ কে দূরে রাখুন।

 

 লেখক পরিচিতি: ইনডোর মেডিকেল অফিসার, গাইনি বিভাগ,  আধুনিক মেডিকেল কলেজ,  উত্তরা

 


ক্যাটেগরিঃ জীবনধারা, স্বাস্থ্য,


আরো পড়ুন