আবদুল্লাহ
আল মোহন
যুগান্তকারী
ব্যক্তি মাত্রই যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন। আর সে ব্যক্তির মানস গঠন ও
পরিস্ফুটন ঘটতে পারে চরম প্রতিকূল অবস্থায়ও। প্রতিকূল অবস্থা নিজেই সৃষ্টি করে তার
থেকে উত্তরণের নাবিক। এমনই একজন প্রতিকূল অবস্থার যুগান্তকারী কবি ও নারী মুক্তি
মানস, বহুমাত্রিক ব্যক্তিত্ব সুফিয়া কামাল (২০ জুন, ১৯১১—২০ নভেম্বর,
১৯৯৯)। রক্ষণশীল পরিবেশে জন্ম নিয়ে কী করে প্রাতিষ্ঠানিক নারী শিক্ষাহীন সময়ে স্ব
ও সুশিক্ষিত হয়েছেন তা সত্যিই বিস্ময়কর! ইতিহাসে দেথতে পাই যিনি আগামী প্রজন্মকে
আলোড়িত করবেন তিনি সাধারণত স্বশিক্ষিত ও প্রবল পর্যবেক্ষণ ক্ষমতার অধিকারী হন।
প্রতাপশালী ব্রিটিশ শাসন, শোষণ ও শোষক পাকিস্তানের নানা অত্যাচার ও বৈষম্য দেখে
কবি ও সমাজকর্মী, অবরোধবাসিনী থেকে আলোকবর্তিকা সুফিয়া কামালের পীড়িত হৃদয়ে
স্বাধীনতার সুবাতাস জাগিয়েছিল নতুন আশা।
সেই নতুন আশায়
আমাদের এই পশ্চাৎপদ দেশকে সময়োপযোগী শিক্ষা, শিল্প-সংস্কৃতি, সুশৃঙ্খল মুক্তবুদ্ধি
ইত্যাদির চর্চা ও প্রসারের মাধ্যমে এগিয়ে নিতে অগ্রণী ভূমিকা পালন করেন তিনি। নারী
নেত্রী ও মহীয়সী হিসেবে বেগম রোকেয়ার (১৮৮০—১৯৩২) পরেই তাঁর অবস্থান সমুজ্জ্বল। ভাষা আন্দোলন থেকে শুরু
করে স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত প্রায় প্রত্যেকটি জাতীয় স্বার্থের গুরুত্বপূর্ণ
মুহূর্তে আন্দোলনের মূল স্রোতে সরাসরি অংশগ্রহণ করেছেন তিনি। অদম্য ইচ্ছাশক্তিতে
জীবনজয়ী সুফিয়া কামাল হয়ে উঠেছিলেন মানুষের আশ্রয়স্থল। কারণ তিনি যাপিত জীবনে
প্রতিটি কাজ করতে সচেষ্ট ছিলেন শুদ্ধ অন্ত:করণে। ইচ্ছাশক্তির শুদ্ধতা, নিরলস
প্রচেষ্টা আর অকৃত্রিম আন্তরিকতায় জীবনাদর্শ তাঁকে আপন পথেই পরিচালিত করেছে,
জীবনের মোহের কাছে আত্মসমর্পণ করেননি বলেই বিপথগামী হননি।
বাংলা সাহিত্য ও
সংস্কৃতির এক প্রথিতযশা কবি, মানবতাবাদী, সমাজসংস্কারক এবং নারী জাগরণের অগ্রদূত
কবি সুফিয়া কামালের মৃত্যুবার্ষিকী ২০ নভেম্বর। ১৯১১ সালের ২০ জুন তৎকালীন ব্রিটিশ
ভারতের বরিশাল জেলার শায়েস্তাবাদে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতা সৈয়দ আব্দুল
বারী এবং মাতা সাবেরা খাতুন। রক্ষণশীল পারিবারিক পরিবেশে বেড়ে ওঠায় প্রাতিষ্ঠানিক
শিক্ষার সুযোগ তাঁর খুব সীমিত ছিল, কিন্তু অদম্য ইচ্ছাশক্তি, মেধা ও
আত্মপ্রচেষ্টার মাধ্যমে তিনি নিজেকে গড়ে তুলেছিলেন বাংলা সাহিত্যের এক উজ্জ্বল
নক্ষত্র হিসেবে। সাম্প্রদায়িকতা প্রশ্নে বেগম সুফিয়া কামালের দৃষ্টিভঙ্গি ছিল
স্বচ্ছ। তিনি চাইতেন নেতৃত্ব তৈরি হোক সামগ্রিকভাবে। সামরিক স্বৈরশাসক আইয়ুব খানের
মুখের ওপরও প্রতিবাদ করার সাহস ছিল তাঁর। তাই ‘জননী সাহসিকা’ সুফিয়া কামালের আদর্শ সব সময়ই গুরুত্বপূর্ণ।
স্বপ্ন ও
সংগ্রামের সুফিয়া কামাল ছিলেন একাধারে কবি, নারী আন্দোলনের অগ্রণী নেত্রী এবং
ধর্মান্ধতা ও অসাম্প্রদায়িকতার বিরুদ্ধে এক অকুতোভয় যোদ্ধা। একাত্তরের মুক্তিযুদ্ধ
থেকে শুরু করে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠার প্রতিটি আন্দোলন-সংগ্রামে সুফিয়া
কামাল সক্রিয়ভাবে অংশ নেন। বাংলাদেশের গণতান্ত্রিক, প্রগতিশীল ও নারীমুক্তি
আন্দোলনের অন্যতম পথিকৃৎ কবি বেগম সুফিয়া কামালের সক্রিয় ভূমিকা চিরস্মরণীয়। কবি
বেগম সুফিয়া কামাল যে আদর্শ ও দৃষ্টান্ত রেখে গেছেন- তা যুগে যুগে বাঙালি নারীদের
জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। কবি বেগম সুফিয়া কামালের মৃত্যুবার্ষিকীতে তাঁর
অমর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি।
বহু
ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে গিয়েছে সুফিয়া কামালের জীবন। ২১ বছর বয়সে স্বামী নেহাল
হোসেনকে হারান (১৯৩২), হারান চিন্তা-চেতনা জাগরণের কেন্দ্রবিন্দু বেগম রোকেয়াকে
(১৯৩২)। পারিবারিক অর্থনৈতিক অসহায়ত্ব তাঁকে নিঃশেষ করতে পারেনি। মা প্রয়াত হন
১৯৪১-এ। পুত্র শোয়েবকে হারান ১৯৬৩-তে। এরপরও মেরুদণ্ড সোজা করে হেঁটেছেন তিনি।
অনেকেই তাঁকে সহযোগিতা করেছেন। সবার আগে বলতে হয় কামালউদ্দিন খানের নাম, যিনি
১৯৩৯-এ সুফিয়া কামালের করকমল হাতে তুলে নিয়ে ৩৮ বছর সুফিয়া কামালের দাম্পত্যজীবনের
সঙ্গী হয়েছিলেন। স্বামী কামালউদ্দিন খান প্রয়াত হন ১৯৭৭-এ।
নিজের অসহায় জীবন
যাপনের মরুভূমিতে মরুদ্যান খুঁজে পেয়েছেন প্রবল ইচ্ছাশক্তিতে গতিশীল ছিলেন বলেই।
হতাশা তাঁকে গ্রাস করেনি, অসহায়ত্ব তাঁকে আষ্টেপৃষ্ঠে বেধে রাখতে পারেনি বিশুদ্ধ
মনের সক্রিয়তার কারণেই। অধ্যাপক সনৎকুমার সাহা যথার্থই বলেছেন, ‘তার অনুভূতি, মনন, বুদ্ধি, ইচ্ছা,
এমন কি কায়া, ছিল সমস্ত পৃথিবীর সাথে তিনি যে একাত্ববোধ নিয়ে চলতেন তারই এক
অবিচ্ছেদ্য রূপ। তিনি সর্বদাই পৃথিবীর সর্বক্ষেত্রে উপস্থিত ছিলেন- হয়ত গড়ার কাজে
নয়ত প্রতিবাদে। এ উপস্থিতিতে তিনি সদা নির্দেশ নিয়েছেন তার বিবেকের কাছ থেকে এবং
কখনওই হননি পলায়নপর।’ (সনৎকুমার সাহা,
রাষ্ট্র পরিচালনায় নারীর সম-অংশীদারিত্ব: রাজনৈতিক গণতান্ত্রিক সংস্কৃতি, সংবাদ
সাময়িকী, সংবাদ, ঢাকা ২৪ জুন ২০০৪ পৃ. ১৩)।
জীবনকে তিনি
সদর্থক করতে পেরেছিলেন, আদর্শিক স্পষ্টতা জীবনের শুরুতেই গভীরভাবে অনুধাবন করতে
পেছিলেন বলেই। কোনো শিক্ষা বা সামাজিক প্রতিষ্ঠানের মাধ্যমে নয় পরিবারই হয়ে
উঠেছিলো তাঁর হয়ে ওঠার প্রকৃত শিক্ষাঙ্গণ, যেখানে দীক্ষা নিয়েছেন মা-ভাইদের মতোন
প্রেরণাময়ীদের পরম সান্নিধ্যে। স্ব-ক্ষমতা গড়ে তুলতে প্রবলভাবে সচেতন ছিলেন বলেই
ভয়কে জয় করতে পেরেছিলেন, কোন কাজেই তিনি পিছু হটেননি। সফল মানুষদের জীবন জয়ে অদম্য
ইচ্ছাশক্তির প্রবল উপস্থিতিই দৃশ্যমান হয় আমার জীবনীচর্চায়।
প্রাসঙ্গিক
বিবেচনায় ‘অদম্য ইচ্ছাশক্তি’ নিয়ে কিছু কথা না বললেই নয়। বিশ্ববরেণ্য
বাঙালি জাদশিল্পী জুয়েল আইচের ভাষায়- ‘ইচ্ছাশক্তি হচ্ছে জীবন জয়ে সবচেয়ে বড় ম্যাজিক।’ ইচ্ছাশক্তি হচ্ছে– আত্মমনোবলে উজ্জীবিত হওয়া, যাকে
ইংরেজিতে বলা হয় ‘বি পজেটিভ’। সত্যলক্ষ্যে মনের মধ্যে বিরাট
দ্বিধাদ্বন্দ্ব উপেক্ষা করে দৃঢ় বিশ্বাস স্থাপন করা ‘আমার দ্বারাই সম্ভব, আমাকেই করতে
হবে’–এই আত্মমনোবল হলো
ইচ্ছাশক্তি। কোনো কিছু আমাকে দমিয়ে রাখতে পারবে না, অদম্য শক্তি নিয়ে এগিয়ে যেতে
হবে। জীবনের জয়ের লক্ষ্য পৌঁছার জন্য মানুষ বড় বড় স্বপ্ন দেখে, স্বপ্ন বাস্তবায়নে
এগিয়ে চলে। মানবের যাপিত জীবন শতভাগ মসৃণ কখনো হয় না, কণ্টকাকীর্ণ বন্ধুর পথে
অজস্র বাধা ডিঙিয়ে সাফল্যের যাদুর ছোঁয়া হাতের মুটোতে ধরা দেয়। মেনে নিতে হয়, জীবন
সর্বদা পরিবর্তনশীল আবার নশ্বরও বটে। তারপরও দুঃখ–কষ্ট, পরাজয়–ব্যর্থতা জীবনেরই অংশ, তাকে একমাত্র নিষ্ঠা ও পরিশ্রমের
মাধ্যমে সম্যকপথে নিজেকে এগিয়ে নেওয়ার প্রচেষ্টাই হলো ইচ্ছাশক্তি বা প্রাণশক্তির
সফলতা।
‘অদম্য ইচ্ছাশক্তিতে জীবনজয়ী’ বলতে এমন ব্যক্তিদের বোঝায়, যারা
জীবনের চরম প্রতিকূলতা, শারীরিক বা মানসিক প্রতিবন্ধকতা, দারিদ্র্য কিংবা সামাজিক
বাধাকে জয় করে নিজ লক্ষ্যে সফল হয়েছেন। মানুষের ভেতরের দৃঢ় সংকল্প ও হার না মানার
মানসিকতাই অসম্ভবকে সম্ভব করে তোলে। মানুষের ভেতর যে এক বিশাল
শক্তি লুকিয়ে আছে তার নাম ইচ্ছাশক্তি। যে শক্তি অফুরন্ত সম্ভাবনার দ্বার। এই
অফুরন্ত ইচ্ছাশক্তিকে যদি সত্যিকারার্থে জাগ্রত করা যায় তাহলে সাত সমুদ্র তেরো নদী
পাড়ি দিয়ে হলেও বিজয় ছিনিয়ে আনা সম্ভব। অদম্য ইচ্ছাশক্তি সাফল্যের অন্যতম সোপান।
অদম্য, অজেয় ইচ্ছাশক্তি যার রয়েছে বিজয়ী হওয়ার সম্ভাবনা তারই সবচেয়ে বেশি।
সাফল্যের স্বর্ণশিখরে পৌঁছার জন্য প্রয়োজন ইচ্ছাশক্তিকে শক্তিশালী করা। কিন্তু
অনেক সময় মানুষ তার ইচ্ছাশক্তিকে জাগ্রত করে না। নিজের ভেতরের ইচ্ছাশক্তিকে নিজের
মাঝেই ঘুম পাড়িয়ে রাখে। নিজেকে ছোট মনে করে। না পারার ভয়কে জাগ্রত করে রাখে। অথচ
নিজের ভেতর লুকিয়ে থাকা অদম্য ইচ্ছাশক্তিকে যদি জাগিয়ে তোলা যায় তাহলে যেকোনো
সাফল্য অর্জন করা সম্ভব।
অদম্য ইচ্ছাশক্তির মূল দিকসমূহ -
- প্রতিকূলতাকে
জয় করা: জীবনের পথে আসা ব্যর্থতা, দারিদ্র্য বা শারীরিক সীমাবদ্ধতাকে অজুহাত
না বানিয়ে বরং শক্তিতে রূপান্তর করা।
- আত্মবিশ্বাস
ও ধৈর্য: কোনো কাজে বারবার ব্যর্থ হলেও হাল না ছেড়ে ধৈর্যের সাথে পুনরায়
চেষ্টা চালিয়ে যাওয়া।
- ইতিবাচক
মানসিকতা: ‘আমার
দ্বারাই সম্ভব’ এমন
দৃঢ় বিশ্বাস মনে ধারণ করে সামনের দিকে এগিয়ে যাওয়া।
- নিরন্তর
পরিশ্রম: শুধু স্বপ্ন না দেখে তা বাস্তবায়নের জন্য সঠিক পরিকল্পনা ও কঠোর
পরিশ্রম করা।
আবার
ফেরা যাক কবি সুফিয়া কামালের জীবন সাধনায়। দুই বাংলার
সমাজ ও সাহিত্যে তাঁর অবদান অবিস্মরণীয়। নারী জাগরণের অগ্রদূত কবি সুফিয়া কামালের
জীবনের নানা পর্যায়ে অদম্য ইচ্ছাশক্তির জয়ের উল্লেখযোগ্য দিকগুলো নিচে তুলে ধরা
হলো:
১. স্বশিক্ষায় শিক্ষিত হওয়া ও সাহিত্যচর্চা
- প্রাতিষ্ঠানিক
শিক্ষার অভাব জয়: বরিশালের শায়েস্তাবাদের এক রক্ষণশীল পরিবারে জন্ম নেওয়ায়
তাঁর স্কুলে যাওয়ার সুযোগ ছিল না। কিন্তু প্রবল জ্ঞানতৃষ্ণা থেকে তিনি
বাড়িতেই বড় ভাইদের বই পড়ে এবং মায়ের কাছে বাংলা বর্ণমালা শিখে স্বশিক্ষিত হয়ে
ওঠেন।
- সাহিত্যজগতে
প্রতিষ্ঠা: তৎকালীন সমাজে নারীদের লেখালেখি সহজ ছিল না। তবুও নিজের
ইচ্ছাশক্তিতে তিনি কবিতা ও গল্প লিখতে থাকেন এবং ১৯৩৮ সালে তাঁর প্রথম
কাব্যগ্রন্থ ‘সাঁঝের
মায়া’
প্রকাশিত হয়, যা রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের মতো মনীষীদের
প্রশংসা অর্জন করে।
২. অবরোধ প্রথা ভেঙে নারী জাগরণ
- বেগম
রোকেয়ার আদর্শ ধারণ: মাত্র সাত বছর বয়সে কলকাতায় বেগম রোকেয়ার সংস্পর্শে
এসে তিনি নারীশিক্ষা ও মুক্তির স্বপ্নে উদ্বুদ্ধ হন।
- সংগঠন
গড়ে তোলা: সমাজের নানা বাধা উপেক্ষা করে তিনি সাপ্তাহিক ‘বেগম’ পত্রিকার প্রথম সম্পাদক হিসেবে
দায়িত্ব পালন করেন। পরবর্তীতে নারীদের অধিকার আদায়ে তিনি বাংলাদেশ মহিলা
পরিষদ প্রতিষ্ঠা করেন এবং আজীবন নারীদের আত্মমর্যাদা প্রতিষ্ঠার লড়াই চালিয়ে
যান।
৩. অন্যায় ও স্বৈরাচারের বিরুদ্ধে আপসহীনতা
- সাংস্কৃতিক
ও রাজনৈতিক সংগ্রাম: ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬১ সালে রবীন্দ্রসংগীত
নিষিদ্ধের প্রতিবাদ এবং ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে তিনি সামনের সারিতে থেকে
নেতৃত্ব দেন। প্রতিবাদের অংশ হিসেবে তিনি পাকিস্তান সরকারের দেওয়া ‘তমঘা-ই-ইমতিয়াজ’ খেতাব বর্জন করেন।
- মুক্তিযুদ্ধে
সাহসী ভূমিকা: ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর কড়া নজরদারির
মধ্যেও তিনি ঢাকায় অবস্থান করে মুক্তিযোদ্ধাদের গোপনে সহায়তা করেন এবং নিজের
মেয়েদের রণাঙ্গনে পাঠান। তাঁর এই নির্ভীক চিত্ত ও সাহসিকতার জন্যই দেশবাসী
তাঁকে ‘জননী
সাহসিকা’
উপাধিতে ভূষিত করে।
উপরোক্ত বিবেচনায় অনন্য ব্যক্তিত্ব সুফিয়া
কামাল প্রমাণ করেছেন যে, বাহ্যিক সুযোগ-সুবিধার অভাব থাকলেও দৃঢ় মনোবল ও মানবিক
মূল্যবোধ থাকলে মানুষ যেকোনো অসাধ্য সাধন করতে পারে।
আজন্ম যোদ্ধা সুফিয়া কামাল ছিলেন বাংলার নারী মুক্তি আন্দোলন,
প্রগতিশীল সমাজ সংস্কার ও মানবতাবাদী চেতনার এক দীপ্র ও আপসহীন কণ্ঠস্বর। তিনি কেবল একজন কবি নন, বরং বাঙালির
প্রতিটি গণতান্ত্রিক, সাংস্কৃতিক ও মুক্তিসংগ্রামের ইতিহাসে এক উজ্জ্বল আলোকবর্তিকা
হিসেবে নিজের সত্তাকে প্রতিষ্ঠিত করেছেন। বহুবর্ণিল এই ব্যক্তিত্ব
বহু বিষয়েই ছিলেন প্রথম পথিকৃৎ। তাঁর জীবন ও কর্মের বিভিন্ন দিক বিশ্লেষণ করলে
তার দীপ্র চেতনার স্বরূপ ফুটে ওঠে:
১. রক্ষণশীলতা ভেঙে আত্মপ্রকাশ
ও জ্ঞানচর্চা: ১৯১১ সালে বরিশালের শায়েস্তাবাদে এক রক্ষণশীল নবাব পরিবারে জন্মগ্রহণ
করেও সুফিয়া কামাল প্রথাগত শৃঙ্খল ভেঙে বেরিয়ে আসেন। সে সময় মেয়েদের প্রাতিষ্ঠানিক
শিক্ষার সুযোগ ছিল না। তিনি নিজ চেষ্টায় ও মায়ের অনুপ্রেরণায় বাংলা ভাষা ও সাহিত্য
চর্চা শুরু করেন। বেগম রোকেয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি নিজেকে একজন সমাজসচেতন মানুষ
হিসেবে গড়ে তোলেন।
২. নারীমুক্তি ও মানবাধিকারের
লড়াই: সুফিয়া কামাল আজীবন নারীর অধিকার, মর্যাদা ও অর্থনৈতিক স্বাবলম্বিতার পক্ষে কাজ
করেছেন।
·
সংগঠক ভূমিকা: ১৯৭০ সালে তিনি ‘মহিলা পরিষদ’ প্রতিষ্ঠা করেন, যা আজও বাংলাদেশের নারী আন্দোলনের
অন্যতম প্রধান প্ল্যাটফর্ম।
·
অসাম্প্রদায়িক চেতনা: ১৯৪৬ সালের ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গার সময় তিনি
হিন্দু-মুসলিম নির্বিশেষে বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়েছিলেন।
৩. জাতীয় আন্দোলন ও মুক্তিযুদ্ধে
ভূমিকা: বাঙালির প্রতিটি ক্রান্তিকালে সুফিয়া কামাল ছিলেন সামনের সারিতে।
·
ভাষা আন্দোলন ও স্বাধিকার: ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে
শুরু করে ১৯৬৯-এর গণঅভ্যুত্থান পর্যন্ত প্রতিটি আন্দোলনে তিনি সক্রিয়ভাবে অংশ নেন।
·
রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধের প্রতিবাদ: ১৯৬১ সালে পাকিস্তানি শাসকগোষ্ঠী
রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধ করলে তিনি এর তীব্র প্রতিবাদ জানান এবং ছায়ানটের
প্রতিষ্ঠালগ্নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
·
মুক্তিযুদ্ধ: ১৯৭১ সালে অবরুদ্ধ ঢাকায় থেকেও তিনি মুক্তিযোদ্ধাদের
গোপনে সহায়তা করেছেন এবং তার ‘একাত্তরের ডায়েরি’ গ্রন্থে পাকিস্তানি বাহিনীর বর্বরতার প্রামাণ্য দলিল
লিপিবদ্ধ করেছেন। মুক্তিযুদ্ধ তিনি আত্মপ্রকাশিত হলেন জাতির বিবেক রূপে। আর একাত্তরের
ঘাতক দালাল নির্মূল কমিটিতে তাঁর অগ্রণী ভূমিকার কথা আমরা কে না জানি?
৪. সাহিত্যকর্মে মানবতাবাদ
ও প্রকৃতিপ্রেম: সুফিয়া কামালের কবিতা তাঁর জীবন সংগ্রামেরই প্রতিচ্ছবি। মানবিক মূল্যবোধ
তাঁকে সমাজপ্রগতির প্রতিটি কর্মকাণ্ডে সক্রিয় রেখেছে আমৃত্যু। তাঁর কবিতায় প্রকৃতিপ্রেমের
পাশাপাশি ফুটে উঠেছে শোষিত মানুষের বেদনা, সাম্য ও মুক্তির আকাঙ্ক্ষা। তার উল্লেখযোগ্য
কাব্যগ্রন্থগুলোর মধ্যে রয়েছে: সাঁঝের মায়া (১৯৩৮), মায়া কাজল (১৯৫১), মন ও জীবন (১৯৫৭), উদাত্ত পৃথিবী (১৯৬৪)।
৫. নৈতিক দৃঢ়তা ও ‘জননী সাহসিকা’: স্বাধীন বাংলাদেশেও যেকোনো স্বৈরাচার, সাম্প্রদায়িকতা ও যুদ্ধাপরাধীদের
বিচারের দাবিতে তিনি ছিলেন নির্ভীক। তার এই আপসহীন সংগ্রামী ও মাতৃসুলভ নেতৃত্বের জন্য
জাতি তাকে ‘জননী সাহসিকা’ উপাধিতে ভূষিত করে।
মন ও
মননে সুফিয়া কামালের সত্তা ছিল ভয়হীন সত্য উচ্চারণ, অসাম্প্রদায়িক মানবতাবোধ এবং নারী
ও মানুষের মুক্তির এক নিরন্তর সাধনা। সুফিয়া কামাল (২০ জুন ১৯১১ - ২০ নভেম্বর ১৯৯৯) ছিলেন মানবতা ও গণতান্ত্রিক
মূল্যবোধের পক্ষে এবং যাবতীয় অন্যায়, দুর্নীতি ও অমানবিকতার বিরুদ্ধে সোচ্চার একজন
সমাজসেবী ও নারীনেত্রী। তিনি ছিলেন বাংলা ভাষার বিশিষ্ট কবি ও সাহিত্যিক। বহুচর্চিত নারীর ক্ষমতায়নের ভাষ্য সুফিয়া
কামালের জীবনবৃত্তে পরিপূর্ণতা পায়। প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ বঞ্চিত হয়েও তিনি
নিজেকে আত্মচেতনাময়ী সত্তায় উত্তীর্ণ করেছেন স্বশিক্ষার দীপ্তিতায়। পারিবারিক বৈরিতাকে
অগ্রাহ্য করে বাংলাভাষায় লিখতে পড়তে শিখে এই ভাষাতেই সাহিত্যচর্চায় নিমগ্নতা আজীবন।
শৈশব থেকেই সাহিত্য ও সংস্কৃতির প্রতি তাঁর গভীর
আকর্ষণ ছিল। তিনি নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়ার সংস্পর্শে এসে নারীর শিক্ষা,
আত্মমর্যাদা ও সমাজ পরিবর্তনের আদর্শে উদ্বুদ্ধ হন। তাঁর সাহিত্যজীবনের শুরু অল্প
বয়সেই। তাঁর প্রথম প্রকাশিত কবিতা ছিল ‘বাসন্তী’। পরবর্তীতে ১৯৩৮ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম
কাব্যগ্রন্থ ‘সাঁঝের মায়া’, যা বাংলা সাহিত্যে তাঁর একটি শক্তিশালী আবির্ভাবের ঘোষণা
দেয়।
মৃত্যুর আগ পর্যন্ত তিনি রাজনীতিবিদ, সাহিত্যিক ও
সংস্কৃতিকর্মীদের অনুপ্রেরণা যুগিয়েছেন। বাংলার মানুষ তাঁকে ‘জননী সাহসিকা’
উপাধিতে ভূষিত করে। সাহিত্যে তার সৃজনশীলতা ছিল অবিস্মরণীয়। শিশুতোষ রচনা ছাড়াও
দেশ, প্রকৃতি, গণতন্ত্র, সমাজ সংস্কার এবং নারী মুক্তিসহ বিভিন্ন বিষয়ে তাঁর লেখনি
আজও পাঠককে আলোড়িত ও অনুপ্রাণিত করে।
তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থগুলো হচ্ছে সাঁঝের মায়া,
মায়া কাজল, মন ও জীবন, শান্তি ও প্রার্থনা, উদাত্ত পৃথিবী, দিওয়ান, মোর জাদুদের
সমাধি পরে প্রভৃতি। গল্পগ্রন্থ ‘কেয়ার
কাঁটা’। ভ্রমণকাহিনি ‘সোভিয়েত দিনগুলি’। স্মৃতিকথা ‘একাত্তরের ডায়েরি’।
সুফিয়া কামাল ৫০টিরও অধিক পুরস্কার লাভ করেছেন। এর
মধ্যে স্বাধীনতা দিবস পুরস্কার, একুশে পদক, বাংলা একাডেমি, বেগম রোকেয়া পদক,
সোভিয়েত লেনিন, জাতীয় কবিতা পুরস্কার উল্লেখযোগ্য। ১৯৯৯ সালের ২০ নভেম্বর তিনি
মৃত্যুবরণ করেন।
মানবিক বিকাশের ধারা গভীরভাবে অনুধাবন করি ইতিহাসের
সামগ্রিকতায় অনিবার্য এক নাম কবি সুফিয়া
কামালের লেখা কবিতার দু’লাইন দিয়েই,-
‘মুক্তি
লবে বন্দী আত্মা-সুন্দরের স্বপ্নে, আয়োজনে,
নিঃশ্বাস
নিঃশেষ হোক পুষ্প-বিকাশের প্রয়োজনে।’
সবশেষে
তাই আশা করি, কবি বেগম সুফিয়া কামালের জীবনী চর্চার মাধ্যমে নতুন প্রজন্ম যেমন
দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে, তেমনি ‘অদম্য
ইচ্ছাশক্তিতে জীবনজয়ী’ হওয়ার প্রবল
প্রেরণাও পাবে।। কবির ভাষায়-
‘তোমাদের
ঘরে আলোর অভাব কভূ নাহি হবে আর
আকাশ-আলোক
বাঁধি আনি দূর করিবে অন্ধকার।
শস্য-শ্যামল
এই মাটি মা’র অঙ্গ পুষ্ট করে
আনিবে
অটুট স্বাস্থ্য, সবল দেহ-মন ঘরে ঘরে।’
তথ্যসূত্র : সুফিয়া কামাল দীপ্র চেতনার সত্তা সন্ধান
: নিবেদিতা চক্রবর্তী (দত্ত),
বিভিন্ন পত্রিকা,
ইন্টারনেট
ক্যাটেগরিঃ শিল্প ও সংস্কৃতি,