মরমী গীতিকবি লালন ও তার শিষ্য-প্রশিষ্যগণের গান বাঙালির সংস্কৃতি,
বাংলা সাহিত্য ও লোকসাহিত্যের এক
অবিচ্ছেদ্য অংশ। বিশেষ করে
লালনের গানের ভাব, সুরের মাধুর্য
সঙ্গীত পিপাসুদের হৃদয়কে স্পর্শ করে। এসব বাউল
সাধকের রচনা শুধু সঙ্গীতেই
নয়, সাহিত্যেও অনন্য অবদান রেখেছে। এ বিষয়ে অনেক
গবেষক উচ্চ পর্যায়ে গবেষণা
করেছেন। লালন তার গানে
সাবলীল ভাষা প্রয়োগ করেছেন,
যার ফলে একজন অক্ষরজ্ঞানহীন
বা অর্ধ শিক্ষিত মানুষও
সহজে এর মর্মার্থ বুঝতে
পারে। লালনের গানগুলো সাধারণ মানুষের মুখে মুখে বেশি
গীত হতো। তার গানের
প্রতি আকৃষ্ট হয়ে অনেক ভক্ত
তার শিষ্যত্ব গ্রহণ করেন। এসব শিষ্যরা সাধারণত
অল্প শিক্ষিত বা স্বশিক্ষিত ছিলেন।
এর বহুকাল পরে শিক্ষিত সমাজ
তার গান নিয়ে গবেষণা
শুরু করে এবং এখনও
তার গান ও জীবনী নিয়ে
গবেষণা কার্যক্রম চলমান রয়েছে। এমনই এক শ্রমসাধ্য সাধনা
করেছেন গবেষক ও সাংস্কৃতিক কর্মী মো.
জুলফিকার আলী ভুট্টো। তিনি বইটি সম্পাদনা করেছেন।
বইটি মূলত সম্পাদকের পিতামহ বাউল সাধক চাঁদ
আলী বিশ্বাসের সংগ্রহে থাকা পাণ্ডুলিপির গান,
বাউলদের কর্ম, জীবনীর একটি বিশ্লেষণধর্মী উপস্থাপন।
বইয়ের প্রচ্ছদ করেছেন শিল্পী অধ্যাপক হামিদুজ্জামান খান। বইটির মুখবন্ধ
লিখেছেন লালন গবেষক অধ্যাপক
ড. আনোয়ারুল করীম, প্রতিষ্ঠাতা পরিচালক, লালন একাডেমি, কুষ্টিয়া।
এই পাণ্ডুলিপিতে ৩১
জন পদকর্তার মোট ১৭২টি গান
সংরক্ষিত রয়েছে। পদকর্তাগণের মধ্যে লালন শাহের ৫৫টি,
দুদ্দু শাহের ৩১টি, কাজেম আলীর ৩টি, মালেক
সাঁইয়ের ১টি, উজল চাঁদের
১টি, বিশু চাঁদের ১টি,
আছাম শাহের ১টি, বাহাদুর বিশ্বাসের
১৬টি, রুপয়/রুপ চাঁদের
৪টি, মফেজদ্দি শাহের ৩টি, আদম চাঁদের
৫টি, একরাম চাঁদের ৫টি, রসিক শাহের
২টি, গোঁসাই গোপালের ৩টি, ক্ষেপা মদন
চাঁদের ১টি, এমান শাহের
৪টি, ছমিরদ্দি শাহের ১টি, রোমজান চাঁদের
১টি, জহরদ্দী শাহের ১০টি, ছবিলালের ১টি, মানিক শাহের
১টি, নেমত চাঁদের ২টি,
মিয়াজন সা চাঁদের ২টি,
হারান শাহের ৩টি, হাতেম শাহের
৭টি, বুন্দু [যাদু বিন্দু]-র
২টি, জমিরদ্দি শাহের ১টি, পাঞ্জু শাহের
২টি, মনিরদ্দি শাহের ১টি, মমিন চাঁদের
১টি ও উমর শাহের
১টি গান রয়েছে।
এছাড়া আলোচ্য গ্রন্থে লালন শাহ, দুদ্দু
শাহ, জহরদ্দী শাহ, উজল চাঁদ,
বাহাদুর বিশ্বাসসহ ২৭ জন বাউলের
অপ্রকাশিত ৮৫টি গান স্থান
পেয়েছে। উল্লেখ্য যে, আহমেদ শরীফের
‘বাউলতত্ত্ব’ গ্রন্থে দশজন বাউলের যে
গান পাওয়া যায়, তা এ
গ্রন্থে নেই। ঐ দশজন
বাউলের অন্য ১০টি গান
বাউলরত্ন বইয়ে আছে। যা ‘বাউলতত্ত্ব’
বইয়ে নেই।
এ পাণ্ডুলিপিতে কয়েকজন
বাউলের পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া যায়নি, তবে তাদের গান
সংকলিত হয়েছে। যেখানে তাদের গুরুর নাম পাওয়া গেছে,
সেসব বাউলদের গুরুর নাম ও পরিচয়ের
সূত্র ধরে তাদের পরিচয়
তুলে ধরার চেষ্টা করা
হয়েছে। সংগ্রাহকের কাছে মোট ৫টি
পাণ্ডুলিপি ছিল, যার মধ্যে
৩টির গান ও জীবনী
এই গ্রন্থে সন্নিবেশিত হয়েছে। অবশিষ্ট দুটি পাণ্ডুলিপি পাওয়া
গেলে হয়তো আরো অনেক
বাউল সাধকের গান ও তাদের
জীবনী সম্পর্কে জানা সম্ভব হতো।
পাণ্ডুলিপিতে হাতে লেখা গানগুলোর
মধ্যে কয়েকটি গান বইয়ের সংগ্রাহকের
নিজ হাতে লেখা, বাকি
গানগুলো তার শিষ্যদের লেখা।
বাউল সাধকদের জীবন, কর্ম এবং তাদের রচিত গান পর্যালোচনা করতে গিয়ে লক্ষ্য করা যায় যে, তারা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী ছিলেন এবং জাতি, ধর্ম ও বর্ণের ঊর্ধ্বে উঠেছিলেন। বাউল সম্রাট লালন ছিলেন তাদের গুরু সমতুল্য। তার জীবন ও কর্মে অসাধারণ গুণ নিহিত ছিল। তিনি নিজ চরিত্রগুণে শিষ্য ও ভক্তদের মাঝে একজন মহৎ, চিন্তাশীল ও সুন্দর মনের মানুষ হিসেবে স্থান করে নিয়েছিলেন। লালনের জীবন ও কর্ম নিয়ে বিভিন্ন জন বিভিন্নভাবে আলোকপাত করেছেন, যে কারণে মানুষের মধ্যে একটা কৌতূহল থেকেই গেছে। অনুসন্ধানে দেখা যায়, তিনি ছিলেন একজন প্রখ্যাত সাধক কবি।

বইটির সম্পাদক মো. জুলফিকার আলী ভুট্টো
বাউল সংগীত মূলত
লোকসংগীতের একটি অংশ। লোকসংগীত
বৈশিষ্ট্যগতভাবে মৌখিকভাবে প্রজন্মান্তরে স্থানান্তরিত হয় এবং মানুষের
মুখে মুখে ঘুরে ফিরে
গীত হতে দেখা যায়।
বাউলদের সাধারণত কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা
ছিল না; তারা স্বশিক্ষিত
এবং প্রকৃতিগতভাবে বিশেষ জ্ঞানের অধিকারী হয়ে থাকেন। এই
পাণ্ডুলিপির কাজ করতে গিয়ে
দেখা গেছে কিছু লোকগীতির
রচয়িতা অল্প শিক্ষিত হলেও
তাদের সৃষ্টিতে তথ্য, তত্ত্ব ও দর্শন সম্পর্কিত
জ্ঞানের বহিঃপ্রকাশ ঘটেছে। মুসলমান ও হিন্দু- উভয়
সম্প্রদায়ের বাউলদের রচিত গানে তারা
নিজ নিজ ধর্মের সত্য
বাণীগুলো তুলে ধরার চেষ্টা
করেছেন। প্রাচীনকাল থেকেই এ অঞ্চলে বিভিন্ন
ধর্মের মানুষ একত্রে বসবাস করে আসছে এবং
তারা একে অপরের ধর্মীয়
আচরণ ও সংস্কৃতিকে সম্মানের
চোখে দেখেন।
লোকসংগীতে গ্রামীণ প্রেক্ষাপটে সাধারণ মানুষের ভাবনা এবং সমন্বয়মুখী চেতনার
প্রতিফলন ঘটেছে। এ দেশের নানা
পেশার শ্রমজীবী মানুষ অত্যন্ত আবেগপ্রবণ ও কল্পনাবিলাসী। শত
কষ্টের মাঝেও মানসিক শক্তি সঞ্চারণের জন্য তাদের মুখ
থেকে গান বেরিয়ে আসে।
বিভিন্ন পেশার মানুষের জীবনাচরণের সাথে সংগতি এবং
নিজস্বতা বজায় রেখে তারা
গান রচনা করেছেন। তত্ত্ব
ও ভক্তিমূলক গানে মূলত আধ্যাত্মিক
ভাব ব্যক্ত হতে দেখা যায়।
বাউল গান রচিত হয়েছে
আত্মতত্ত্ব, দেহতত্ত্ব, গুরুতত্ত্ব, ভাবতত্ত্ব, নবীতত্ত্ব, মুর্শিদতত্ত্ব, খোদাতত্ত্ব, মারফতীতত্ত্ব, সুফীতত্ত্বসহ আরো অনেক তাত্ত্বিক
বিষয় নিয়ে। আর এসব তত্ত্ব
ও ভাব নিয়ে গান
রচনা করেছেন বাউল, ফকির, বৈরাগী, ভক্ত ও শিষ্যগণ।
তত্ত্বতে প্রাপ্ত গানগুলোর সাথে পূর্বে প্রকাশিত
অন্যান্য গ্রন্থে উদ্ধৃত গানসমূহের যে বৈসাদৃশ্য পরিলক্ষিত
হয়েছে, তা এই গ্রন্থে
তুলে ধরার প্রয়াশ নেওয়া
হয়েছে। যেখানে দেখা গেছে, কোনো
কোনো গানের স্থায়ী ও অন্তরার চরণে
এক বা একাধিক শব্দের
মধ্যে অমিল রয়েছে; কোথাও
এক অন্তরার মধ্যে অন্য অন্তরার চরণ
যুক্ত হয়েছে এবং কোনো কোনো
ক্ষেত্রে অন্তরাটি আগে-পরে বিন্যস্ত
হয়েছে। আবার কোনো গানের
অন্তরা অন্য গ্রন্থে পাওয়া
গেলেও এই পাণ্ডুলিপিতে নেই
কিংবা এর উল্টোটি ঘটেছে।
এ গ্রন্থে গানের
মূল পাণ্ডুলিপির আলোকচিত্র ও মুদ্রণ উপযোগী
প্রতিলিপি পাশাপাশি সন্নিবেশিত হয়েছে, যাতে পাঠক ও
গবেষকরা একই গানের দুটি
রূপ একত্রে দেখতে পান।
বইটিতে পাণ্ডুলিপির গানগুলো হুবহু তুলে ধরা হয়েছে;
এখানে গানের শব্দে বা চরণে কোনো
প্রকার সংযোজন বা বিয়োজোন করা
হয়নি। এ গ্রন্থে সন্নিবেশিত
পাণ্ডুলিপির গানের সাথে তথ্যসূত্রে উদ্ধৃত
অন্যান্য বইয়ের গানের যেখানে অমিল রয়েছে, তা
স্পষ্টভাবে নির্দেশ করা হয়েছে। এর
ফলে পাঠক ও গবেষক
সমাজ বিশেষভাবে উপকৃত হবে বলে মনে
করা হচ্ছে।
এ বছর, ২০২৬ সালে প্রকাশিত ‘বাউলরত্ন:
লালন ও তাঁর শিষ্য-প্রশিষ্য রচিত গান’ বইটির দাম এক হাজার টাকা । বইটি প্রকাশ করেছে
ইতিহাস একাডেমি,
ঢাকা ।
-বিপরীত স্রোত কালচারাল ডেস্ক
ড. বিজন কুমার শীল বিস্তারিত
বিপরীত স্রোত প্রতিবেদন বিস্তারিত
ডা. আহমদ মরতুজা চৌধুরী বিস্তারিত
যারিন মালিয়াত অদ্রিতা বিস্তারিত
মোহাম্মদ মাহমুদুজ্জামান বিস্তারিত
লালন ও তার শিষ্য-প্রশিষ্যগণের.. বিস্তারিত
তরুণ গণমাধ্যমকর্মীদের দক্ষতা.. বিস্তারিত
প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজান বিস্তারিত
আবদুল্লাহ আল মোহন। বিস্তারিত
প্রফেসর ড. শেখ আসিফ এস. ম.. বিস্তারিত