English
ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশঃ ২০২৬-১০-০৮ ০৯:৪১:৩৯
আপডেটঃ ২০২৬-১১-২৩ ০৫:৫২:৩২


সাংবাদিকতার ভুবনে এআই

সাংবাদিকতার ভুবনে এআই


মোহাম্মদ মাহমুদুজ্জামান

 

আর্টিফিশিয়াল ইন্টেলিজেনস ( Artificial Intelligence) বা  কৃত্রিম বুদ্ধিমত্তা- এআই-এর ভিত্তি গড়ে ওঠে বিশ শতকের শুরুতে আর বড় অগ্রগতি ঘটে ১৯৫০-এর দশকে। গণিতবিদ ও দার্শনিক অ্যালান টিউরিং ১৯৫০ সালে প্রকাশ করেন তার বিখ্যাত রচনা কমপিউটার মেশিনারি অ্যান্ড ইন্টেলিজেনস। যেখানে তিনি একটি প্রশ্ন তোলেন, মেশিন বা যন্ত্র কি চিন্তা করতে পারে?

এই প্রশ্ন থেকেই তিনি তৈরি করেন, টিউরিং টেস্ট যা আজও মেশিনের বুদ্ধিমত্তা যাচাই করার মানদণ্ড হিসেবে ব্যবহৃত হয়।

কাছাকাছি সময়ে আর্থার স্যামুয়েল নামে একজন কম্পিউটার বিজ্ঞানী একটি চেকার খেলার প্রোগ্রাম তৈরি করেন যা নিজে নিজে শেখার মাধ্যমে উন্নতি করতে পারত। বলা যায় এটি ছিল এআই-ভিত্তিক প্রথম স্বশিক্ষিত প্রোগ্রাম। ১৯৫৫ সালে বিজ্ঞানী জন ম্যাকার্থি একটি গুরুত্বপূর্ণ ওয়ার্কশপের আয়োজন করেন ডার্টমাউথ কলেজে। এই ওয়ার্কশপের টাইটেলই ছিল- আর্টিফিশিয়াল ইন্টেলিজেনস এবং সেখান থেকেই প্রথম এর প্রচলন হয়। এই সম্মেলনে এআই-কে একটি স্বতন্ত্র গবেষণা শাখা হিসেবে প্রতিষ্ঠার প্রচেষ্টা শুরু হয়। এতে উপস্থিত ছিলেন মার্ভিন মিনস্কি, ক্লাউড শ্যাননসহ অনেক বিখ্যাত বিজ্ঞানী।

পঞ্চাশের দশকেই বিজ্ঞানী মহলে পরিচিত হলেও সাধারণ মানুষের কাছে এআই পরিচিত হয়ে ওঠে ২০০০ সালের পর। বিশেষ করে ২০০১ সালে হলিউডের পরিচালক স্টিভেন স্পিলবার্গ তার আর্টিফিশিয়াল ইন্টেলিজেনস নামের সায়েন্স ফিকশন মুভিটি দিয়ে পুরো বিশে^র ভাবনার জগতে নাড়া দেন।


স্টিভেন স্পিলবার্গ ২০০১ সালে আর্টিফিশিয়াল ইন্টেলিজেনস মুভি দিয়ে পুরো বিশে^র ভাবনার জগতে নাড়া দেন

 

মুভিটির এআই লেখা পোস্টার ডিজাইনে কৃত্রিম মানব সৃষ্টির যে আগাম ধারণা তিনি দেন তা ব্যাপক আলোড়ন তোলে। এআই এখন আর সায়েন্স ফিকশন বা কল্পকাহিনী নয়। এটি এখন বাস্তবতা। কমপিউটার, মোবাইল ফোন, সোশাল মিডিয়ার মতো আমাদের প্রতিদিনের অনুসঙ্গ হতে যাচ্ছে এআই। একে অস্বীকার করে চোখ বন্ধ করে রাখার কোনো সুযোগ নেই। হয় আমাদের এআই-এর ওপর নিয়ন্ত্রণ নিতে জানতে হবে, নয়তো এআই আমাদের জীবন নিয়ন্ত্রণ করবে।

 

এআই ও সাংবাদিকতা

মাত্র কয়েক বছরের ব্যবধানে সাংবাদিকতা একটি চরম দ্বন্দ্বের মুখোমুখি দাঁড়িয়েছে। প্রশ্নটা শুধু প্রযুক্তির নয়- প্রশ্নটা অস্তিত্বের। যখন একটি বট খবর লিখতে পারে, একটি ক্লাউড-ভিত্তিক টুল ভয়েসওভার দিতে পারে, একটি সফটওয়্যার ভিডিও সম্পাদনা করতে পারে- তখন একজন সাংবাদিক হিসেবে নিজের ভূমিকা কতটা অপরিহার্য, সে প্রশ্নটা আর নির্দিষ্ট কোনো পেশার মধ্যেই সীমাবদ্ধ থাকে না। সাংবাদিকতা এখন আর কেবল মানবীয় অনুসন্ধান বা বুদ্ধিদীপ্ত বিশ্লেষণের জায়গা নয় বরং একটি অ্যালগরিদমিক খেলাঘরে পরিণত হতে চলেছে। যেখানে সংবাদ তৈরি করে কোড, সংবেদনশীলতা তৈরি হয় ক্লিকে এবং সত্যের সংজ্ঞা নির্ধারিত হয় সফটওয়্যার দিয়ে। একদিকে এই প্রযুক্তিগত উত্তরণ অভূতপূর্ব সুযোগের দুয়ার খুলে দিচ্ছে, অন্যদিকে আমাদের সামনে দাঁড় করিয়ে দিচ্ছে একটি মৌলিক প্রশ্ন- এই অগ্রগতি কি মানবিক সাংবাদিকতার মৃত্যু বার্তা?

বিশ্ব জুড়ে সাংবাদিকতার দৃশ্যপট এখন এক নীরব বিপ্লবের সাক্ষী। ChatGPT, ElevenLabs, Runway, Otter, Klara Indernach, D-ID, DeepL -এসব নাম এখন কেবল প্রযুক্তিপ্রেমীদের মুখে নয়, বরং পৃথিবী জুড়ে প্রধান প্রধান সংবাদ মাধ্যমের নিউজ রুমে বারবার উচ্চারিত হচ্ছে। আমেরিকার Bloomberg তার Cyborg নামের এআই দিয়ে প্রতিদিন হাজার হাজার স্টক রিপোর্ট তৈরি করে। জার্মানির Express.de পত্রিকা Klara নামের এআই সহকারীর মাধ্যমে প্রতিদিনের কনটেন্টের শতকরা ১১ ভাগ তৈরি করছে। পাঠকের রুচি বুঝে একাধিক হেডলাইন তৈরি করে দেওয়া, ভাষান্তরের কাজ স্বয়ংক্রিয় ভাবে করে ফেলা, এমনকি পাঠকের ব্যক্তি রুচি নির্ভর (hyper-personalized) সংবাদ পরিবেশন এখন বাস্তবতা।



স্বর্ণকেশী ও নীল চোখের এআই তরুণী ক্লারা নিজেই কলাম লিখতে পারে


জার্মানির Kolner Stadt-Anzeiger Medien একটি প্রকাশনা প্রতিষ্ঠান, যার জন্ম আজ থেকে ৪০০ বছর আগে। বর্তমানে প্রতিষ্ঠানটি তিনটি সংবাদপত্র এবং একাধিক রেডিও স্টেশনের মালিক। সম্প্রতি, এআই ব্যবহারের মাধ্যমে প্রতিষ্ঠানটি তাদের ইতিহাসের একটি নতুন অধ্যায় শুরু করেছে। বিশেষ ভাবে উল্লেখযোগ্য হলো, গত গ্রীষ্ম থেকে তারা একটি এআই বট ব্যবহার করছে যা কলাম বা প্রবন্ধ লিখছে এবং সাংবাদিকতা বিষয়ক সম্মেলনেও অংশ নিচ্ছে। এই বটের নাম- ক্লারা। সে একজন স্বর্ণকেশী ও নীল চোখের তরুণী, যাকে এক বছর আগে চালু করা হয়।

ভারতের এনডিটিভি, টাইমস অফ ইন্ডিয়া এমনকি হিন্দুস্থান টাইমস এঅই দিয়ে ভয়েসওভার, সাব-টাইটেল তৈরি থেকে শুরু করে মোবাইল পাঠকদের জন্য সংক্ষিপ্ত নিউজ তৈরি করছে। ইওরোপে Le Monde কিংবা The Guardian নিজস্ব এআই ব্যবহার করে পাঠক বিশ্লেষণ করে জানে- কোন অঞ্চলের মানুষ কোন শিরোনামে ক্লিক করবে কিংবা কারা পড়বে শুরু থেকে শেষ পর্যন্ত। এই বিশ্লেষণের ভিত্তিতে তারা রিপোর্টের গঠন বদলে দিচ্ছে। শুধু লেখার ভাষায় নয়, পাঠকের মনোবিজ্ঞানের ভাষায়।

বাংলাদেশে যদিও এআই ব্যবহারের পরিসর এখনো সীমিত, তবে সেটি দ্রæত বদলাচ্ছে। কয়েকটি অনলাইন সংবাদমাধ্যম ইতোমধ্যে অনুবাদ, সাব-টাইটেল, ভয়েসওভার এবং সোশাল মিডিয়া কনটেন্ট তৈরিতে এআই ব্যবহার শুরু করেছে। গণমাধ্যম মালিকেরা যেখানে খরচ কমাতে মরিয়া, সেখানে একজন দক্ষ সাব-এডিটর বা ভয়েসওভার আর্টিস্টের পরিবর্তে একটি সফটওয়্যার মাসে মাত্র ২০ ডলার বা প্রায় আড়াই হাজার টাকায় কাজ করে দিচ্ছে- এটা অনেকের কাছে অবিশ্বাস্য মনে হলেও বাস্তব।

কিন্তু এই বাস্তবতার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কিছু গভীর উদ্বেগ। এআই দিয়ে তৈরি নিউজ কনটেন্ট অনেক সময় তথ্যে ভুল করে, কল্পিত উক্তি তৈরি করে, এমনকি ইতিহাস বা ঘটনার বিকৃত ব্যাখ্যা দেয়। এটিকে বলা হয় হ্যালুসিনেশন। অনেক বাংলাদেশি সংবাদমাধ্যম এই ভুল যাচাই না করেই ছাপিয়ে দিচ্ছে, যার ফলে পাঠকের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে।

আরেকটি গভীর সমস্যা হচ্ছে, পাঠক জানতেও পারছেন না, যে সংবাদটি তিনি পড়ছেন বা শুনছেন, তা একজন মানুষ তৈরি করেছে, না কোনো প্রোগ্রাম। এই স্বচ্ছতার অভাব পাঠকের আস্থা ভাঙতে পারে। এআই যদি একটা ভিডিও তৈরি করে, সেখানে যদি একটি ডিপফেক বা কৃত্রিম মুখ ব্যবহার করা হয়, আর সেই ভিডিও যদি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়, তাহলে কে দায় নেবে?

আরও গভীর প্রশ্ন রয়েছে। সাংবাদিকতার মৌলিক মানবিক দিক কীভাবে টিকে থাকবে? একজন প্রতিবেদক যখন মাঠে গিয়ে প্রতিবাদকারীর চোখের পানি দেখে রিপোর্ট লেখেন, সেটি এক জৈব অনুভূতির বহিঃপ্রকাশ। এআই সেই চোখের পানি বিশ্লেষণ করতে পারে না। এআই বুঝতে পারে না ভাঙা কণ্ঠের ব্যথা, অথবা কোনো নির্যাতিত নারীর হঠাৎ থেমে যাওয়া নিঃশ্বাসের ভেতরে লুকিয়ে থাকা ভয়। এআই সত্যকে প্রক্রিয়াজাত করতে পারে, কিন্তু উপলব্ধি করতে পারে না। এই অনুভবহীনতা সাংবাদিকতার যে মানবিক ভিত্তি, সেটিকে সরিয়ে দিতে পারে।

 

প্রযুক্তি বনাম মানবিকতা

কেউ কেউ বলছেন, সাংবাদিকরা যদি টাইপ রাইটার থেকে কম্পিউটারে যেতে পারেন, যদি টেলিটাইপ থেকে টুইটারে (এক্স) অভ্যস্ত হতে পারেন, তবে এআই-এ কেন নয়?

প্রকৃত পক্ষে প্রশ্নটা এখানে কেবল যান্ত্রিক এডাপটেশন বা অভিযোজনের নয়, বরং সাংবাদিকতার মৌলিক চেতনার সঙ্গে প্রযুক্তির ভারসাম্য নিয়ে। অতীতে দেখা গিয়েছে, প্রতিটি প্রযুক্তিগত পরিবর্তন সাংবাদিকতাকে শুধু সহজ করেনি, বরং অনেক সময় জটিলও করেছে। টেলিভিশন যুগে দৃশ্য সত্যকে ছাপিয়ে উঠেছিল, অনলাইন যুগে গতি হয়ে উঠেছিল সর্বোচ্চ পণ্য। এখন এআই যুগে স্বয়ংক্রিয়তা সাংবাদিকতার চরিত্র বদলে দিচ্ছে।

প্রশ্ন হলো এই পরিবর্তন সাংবাদিকতাকে আরও গণমুখী করবে, না আরও মুনাফা কেন্দ্রিক করে তুলবে? চাকরি যাবে কার? সাংবাদিক না প্রযুক্তিবিদের?

এখন এক উদ্বেগের জায়গা হলো এই প্রযুক্তি যদি ব্যাপক ভাবে সংবাদপত্রে ঢুকে পড়ে, তবে অনেক সাব-এডিটর, অনুবাদক, ভিডিও সম্পাদক, এমনকি রিপোর্টার চাকরি হারাতে পারেন। আমেরিকার বাজফিড নিউজ বিভাগ বন্ধ করে এআই দিয়ে কনটেন্ট তৈরি শুরু করেছে। ভারতে একাধিক মিডিয়া হাউস এডিটেজ নামের সফটওয়্যারে অনুবাদ ও সাব-টাইটেল তৈরি করছে সাব-এডিটর আর প্রæফ রিডারদের না জানিয়েই।

বাংলাদেশেও আমরা ইতোমধ্যে দেখছি কিছু গণমাধ্যমে কনটেন্ট ম্যানেজার বা মাল্টিমিডিয়া এক্সপার্ট নিয়োগ দেওয়া হচ্ছে, সাংবাদিক নয়। আগের মতো স্টাফ রিপোর্টার পদের গুরুত্ব কমে এসেছে। এতে সাংবাদিকতার মানবিক ভিত্তি ক্ষয়ে যাচ্ছে। এই প্রসঙ্গে প্রশ্ন জাগেÑ আমরা কি এক মানবহীন সংবাদ জগতে প্রবেশ করছি? যেখানে কেউ প্রশ্ন করবে না, কেউ প্রতিবাদ করবে না, কেবল তথ্যের পুনঃউৎপাদন চলতে থাকবে?

এখানে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো পাঠকের প্রতিক্রিয়া। অনেক পাঠক এখনো চান একটি রিপোর্টের পেছনে একজন জীবন্ত মানুষ থাকুক। যিনি অনুভব করেন, যাচাই করেন এবং প্রশ্ন করেন। কিন্তু সোশাল মিডিয়া ও ক্লিক-অর্থনীতির যুগে পৃথিবী জুড়েই এমন পাঠক সংখায় কমে যাচ্ছে। এখন ব্রেকিং নিউজ মানেই ৬০ সেকেন্ডের ভিডিও, ১০ শব্দের ক্যাপশন।

এই চাহিদার মধ্যেই এআই খবর তৈরি করছে এমন ভাবে, যা পাঠকের আচরণ বুঝে তার চোখে সবচেয়ে গ্রহণযোগ্য ভাবে পৌঁছে দিতে পারে। অনেক পাঠক জানতেও পারছেন না, খবরটি এআই বানিয়েছে। এতে প্রথমত স্বচ্ছতার ঘাটতি, দ্বিতীয়ত পাঠকের বিচার-বিবেচনায় হস্তক্ষেপের ঝুকি থেকে যাচ্ছে।

 

প্রয়োজন নতুন কাঠামোর

বিপ্লব মানেই সর্বনাশ নয়। প্রতিটি প্রযুক্তিগত পরিবর্তনের মধ্যে থাকে সম্ভাবনার বীজ। আজ যারা এআই-কে ভয়ংকর হিসেবে দেখছেন, কাল তারাই এর সহযোদ্ধা হতে পারেন। কারণ এআই একটি টুল, কোনো পেশা নয়। যন্ত্র কখনো সাংবাদিক হবে না, হতে পারে কেবল সাংবাদিকের সহযোগী। একজন সাংবাদিক তথ্য বিশ্লেষণ, উৎস যাচাই, মানবিক সংবেদনশীলতা আর নৈতিকতা দিয়ে সংবাদকে সমৃদ্ধ করবেনÑ  এআই তার পক্ষে কাজ করবে, বিপক্ষে নয়।

এই সংকটের মাঝেই সময় এসেছে নতুন এআই নির্ভর সাংবাদিকতা চর্চার। যেখানে রিপোর্ট তৈরি হবে প্রযুক্তির সহায়তায়, কিন্তু যাচাই করবে মানুষ। যেখানে সংবাদ পরিবেশনায় থাকবে এআই-এর গতি, কিন্তু মানবিকতায় থাকবে মানুষের স্পর্শ। যেখানে সাংবাদিকতা হবে মানুষ আর মেশিনের মধ্যে এক সহযাত্রা।

সংবাদ মাধ্যম যদি স্বচ্ছ নীতিমালা তৈরি করে যেখানে পাঠক জানবেন, কোন অংশে এআই ব্যবহৃত হয়েছে, যদি সম্পাদকদের দায়িত্বশীল করে তোলা যায়- যেখানে যাচাই না করে কিছুই ছাপা হবে না এবং সাংবাদিকদের এই নতুন প্রযুক্তির ব্যবহার শেখানো হয়- তা হলে সাংবাদিকতা শুধু টিকবে না, হয়তো আরও বিস্তৃত হবে।

সাংবাদিকতাকে টিকিয়ে রাখতে শুধু প্রযুক্তি জ্ঞানেই কাজ হবে না। এর জন্য নতুন কাঠামো গড়তে হবে। যেমন:

এআই ট্রান্সপারেন্সি চার্টার (AI Transparency Charter): গণমাধ্যমকে বাধ্যতামূলক ভাবে জানাতে হবে, কোন অংশে এআই ব্যবহৃত হয়েছে।

এআই লিটারেসি ফর জার্নিলিস্টস (AI Literacy for Journalist): সাংবাদিকদের এআই ব্যবহার শেখানো এবং এই প্রযুক্তির সুবিধা ও ঝুকি সম্পর্কে সচেতন করা জরুরি।

হিউম্যান ইন দি লুপ (Human-in-the-loop): রিপোর্ট যদি এআই দিয়ে তৈরি হয়ও তা যাচাই ও সম্পাদনা করবে মানুষ।

এআই একাউন্টেবিলিটি বোর্ড (AI Accountability Board): মিডিয়াতে ব্যবহৃত এআই যদি ভুল তথ্য দেয় বা বিভ্রান্তি ছড়ায়, তার জন্য দায়ী কে হবে- এই প্রশ্নের জবাবদিহিতার কাঠামো তৈরি করতে হবে।

 

এআই নিঃসন্দেহে সাংবাদিকতার এক নতুন দিগন্ত উন্মোচন করছে। কিন্তু দিগন্ত আর দিক ভ্রষ্টতা এক নয়। যদি এই প্রযুক্তিকে শৃঙ্খলা বজায় রেখে, সাংবাদিকতার মানবিক ও নৈতিক ভিত্তি নিশ্চিত করে ব্যবহার করা যায় তবে এটি হতে পারে এক অসাধারণ সহযাত্রী। আমাদের সামনে দাড়িয়ে থাকবে এমন এক ভবিষ্যৎ যেখানে খবর থাকবে- কিন্তু খবরে থাকবে না মানুষের হৃৎস্পন্দন, প্রতিবাদের ভাষা বা সত্যের দৃঢ় অবস্থান। সাংবাদিকতা শেষ পর্যন্ত কেবল তথ্য নয়- এটা বিশ্বাস। আর বিশ্বাস কখনোই অ্যালগরিদম দিয়ে তৈরি হয় না। তৈরি হয় মানুষের হৃদয় দিয়ে।


ক্যাটেগরিঃ মিডিয়া , এ আই,
ট্যাগঃ এআই, সাংবাদিকতা


মোহাম্মদ মাহমুদুজ্জামান

সম্পাদক, বিপরীত স্রোত। সাংবাদিক ও গবেষক। অ্যাসোসিয়েট ফেলো, রয়াল হিস্টোরিকাল সোসাইটি।