English
ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশঃ ২০২৬-১১-২১ ১৭:০২:৫১
আপডেটঃ ২০২৬-১১-২২ ০২:৩৭:৫৭


মানবতার কবি ফয়েজ আহমেদ ফয়েজ স্মরণে

মানবতার কবি ফয়েজ আহমেদ ফয়েজ স্মরণে


 আবদুল্লাহ আল মোহন

 

আজীবন ‘কমিউনিস্ট’ কবি ফয়েজ আহমেদ ফয়েজ ছিলেন পাকিস্তানে সেই হাতে-গোনা বুদ্ধিজীবীদের একজন- যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সমর্থন জানিয়েছিলেন। ১৯৭১-এর মার্চেই পূর্ব পাকিস্তানে সেনাবাহিনীর গণহত্যার বিরুদ্ধে তিনি লিখেছিলেন তার বিখ্যাত কবিতা ‘আমার থেকে দূরে থাকো’ (‘হাজার করো মেরে তন সে’)- যে কবিতাটি ‘বাংলাদেশ-১’ নামেও পরিচিত। উর্দু ভাষার নন্দিত কবি ফয়েজ আহমেদ ফয়েজ সর্বভারতীয় প্রগতিশীল লেখক সংঘ প্রতিষ্ঠাতাদের একজন ছিলেন। প্রগতিশীল বামপন্থী এই কবির স্থান আমাদের কাছে নানা কারণে বিশিষ্ট। স্বাধীনতার পর এসেছিলেন ঢাকায়। ফিরে গিয়ে লিখেছিলেন তার অসামান্য কবিতা ‘ঢাকা সে ওয়াপসি পার’। মুক্তিযুদ্ধে বাঙালিদের ওপর পাকিস্তানি বর্বরতা, ইতিহাসের ছেদ ও বেদনা এবং একজন পাকিস্তানি হিসেবে তার মানবিক দায় নিয়ে বাংলাদেশের ওপর তিনি লিখেছিলেন আরও দুটি কবিতা। তিনি জন্মেছিলেন অবিভক্ত ভারতের পাঞ্জাবের শিয়ালকোটের এক গ্রামে, ১৯১১ সালের ১৩ ফেব্রুয়ারি, এক সম্ভ্রান্ত পরিবারে। ১৯৮৪ সালের ২০ নভেম্বর লাহোরে ফয়েজ আহমেদ ফয়েজের জীবনাবসান ঘটে। সাম্যবাদী সাহিত্যের বার্তাবাহক কবি ফয়েজের পরিচয় শুধু মার্কসবাদী কবি হিসেবে নয়; সাংবাদিক, কথাসাহিত্যিক, রাজনীতিক, দার্শনিক, চলচ্চিত্রকার, অনুবাদক একইসাথে একজন সাচ্চা বিপ্লবী হিসেবেও তার সমান পরিচিতি বিদ্যমান।

 

 

 

২.

উপমহাদেশের প্রবাদপ্রতিম কবি ফয়েজ আহমেদ ফয়েজকে প্রয়াণদিনে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হলো ঊর্দু সাহিত্যচর্চার সদ্য প্রতিষ্ঠিত ঘরোয়া সংগঠন ‘জুবান-ই ইয়ার’-এর উদ্যোগে। ২০ নভেম্বর ২০২৬, শুক্রবার বিকলে রাজধানীর শান্তিনগরের একটি বাসায় ‘কবি ফয়েজ আহমেদ ফয়েজ এবং হাম দেখেঙ্গে’ বিষয়ে আলোচনার জন্য ঊর্দু সাহিত্যচর্চায় আগ্রহীজনেরা মিলিত হন। অনুষ্ঠানে মূল আলোচক ছিলেন ঊর্দু সাহিত্য গবেষক এবং শিক্ষক অধ্যাপক মাহমুদুল হক, সঞ্চালনা করেন সংস্কৃতিজন ফরিদা হাফিজ। মুক্ত আলোচনায় অংশ নেন ডা. পারভেজ শহীদ, আবদুল্লাহ আল মোহন, রহীম সরওয়ার, মুজাহিদ আলী, আফতাব আলম, রবিউল ইসলাম, সাদিয়া রহিম সাবা, রুকাইয়া জিয়া নুহা প্রমুখ। উল্লেখ্য, ‘জুবান-ই ইয়ার’-এর উদ্যোগে প্রতি মাসেই স্বনামধন্য ঊর্দু সাহিত্যিকদের জন্মদিন কিংবা মৃত্যুদিনকে ঘিরে আলোচনাসভার আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

 

 

 

৩.

আলোচনাকালে অধ্যাপক মাহমুদুল হক কবি ফয়েজ আহমেদ ফয়েজের সাথে তার ব্যক্তিগত স্মৃতিচারণ করেন।  তার উপস্থাপনায় কবির জীবন ও সৃষ্টির বহুমাত্রিকতা, ফয়েজের জীবন ও সাহিত্য চর্চার বিভিন্ন দিক ঘুরে ফিরে বারবার চলে আসে। আলোচনাকালে তিনি বলেন, দেশের সীমান্ত আছে, কিন্তু শিল্পী-সাহিত্যিক-কবির কোন  সীমান্ত নেই। কবির সুরকে যেমন আটকাতে পারে না কাঁটাতারের বেড়া, তেমনি সে আবদ্ধ থাকে না কোনো বিশেষ কালের খাঁচায়। যে সব কবি মানুষের জীবনসত্য ও স্বপ্ন-সুন্দরের মশালচী, তারা তাই বিশেষ কোনো দেশের হয়েও হয়ে ওঠেন সব দেশের, বিশেষ কালের হয়েও সব কালের। আমাদের বেদনা ও আশার শব্দাবলিকে তাদের কণ্ঠে উচ্চারিত হতে আমরা শুনি। ফলে সেই উচ্চারণে আমরা নিজেদের খুঁজে পাই। ফয়েজ আহমেদ ফয়েজের সৃষ্টিতে তার নিজস্ব জীবনবোধে লড়াই ছিল জীবনের মতো এক চরম সত্য। সে কারণেই মৃত্যুর পরও পাকিস্তানের প্রগতিশীল মানুষের কাছে তিনি সাহসের প্রতীক হয়ে আছেন। তার দর্শন, তার কবিতা মানুষকে প্রতিবাদের ভাষা শিখিয়েছে। তার জীবনকর্ম মানুষকে সাম্যবাদের প্রতি অনুপ্রাণিত করেছে-ভবিষ্যতেও করবে সন্দেহ নেই। কারণ তিনি সাধারণ মানুষের সাথে সম্পর্ক প্রতিষ্ঠা করতে পেরেছিলেন।

 

 

 

৪.

অধ্যাপক মাহমুদুল হক জানান, সম্ভবত উর্দু কবিতার বৈশিষ্টের কারণে ও আজন্ম মাকর্সবাদী হওয়ায় ফয়েজের কবিতায় একদিকে ব্যক্তিজীবনের প্রতিচ্ছবি ও তা থেকে ভবিষ্যতের পথ খোঁজার নিরন্তর প্রচেষ্টা লক্ষ করা যায় যা ব্যক্তিকে ছাড়িয়ে সমষ্টির মাঝে লীন হয়ে যায়। আবার বিপরীত দিকে, তার কবিতায় সার্বজনীনতার মিলনের আকুতি, মানুষের মুক্তির কথা বারবার ঘুরে ফিরে এসেছে। এর এর মাঝেই ব্যক্তি নিজেকে খুঁজে পায়। মনে রাখা দরকার, উর্দু কবিতার অন্যতম বৈশিষ্ট হলো রচিত কবিতার জীবন্ত বয়ান। আসলে বিপন্নতার এক আত্মনিবেদিত আত্মীয়তা নির্মাণ, এটাই ছিল কিন্তু ফয়েজ আহমেদ ফয়েজের সৃষ্টির সব থেকে বড় বৈশিষ্ট্য। তাই যেখানেই মানুষ বিপন্ন, যেখানেই মানবতা বিপন্ন, যেখানেই রাজনীতি শিল্প-সাহিত্য-সংস্কৃতি এমনকী ধর্ম বিপন্ন, সেখানেই তার সৃষ্টি অত্যন্ত বেশি রকমের সক্রিয়। প্রাতিষ্ঠানিক ধর্মের বেড়াজালে কিন্তু বিচার করা যায় না এই ধর্মকে। তার গোটা জীবন ধরে শূন্যতাকে ভরিয়ে দেবার চেষ্টা করেছেন নিজের অসামান্য সৃষ্টির মাধ্যমে। সৃষ্টির ভেতর দিয়ে শোষিত নিপীড়িত মেহনতী মানুষের জগৎ, সেই জগতের বেদনা, সংকল্প তার একটি অগ্নিশিখায় যেন বারবার জ্বলে উঠতে আমরা দেখি ফয়েজকে। তাই পাশ্চাত্যের সঙ্গে প্রাচ্যের কবিকণ্ঠকে মিলিয়ে দিয়ে, তিনি যেন মহাকবি ইকবালের মতই সৃষ্টিজগতকে এক অনির্বচনীয় আনন্দে ভরে দিয়ে গিয়েছেন। সাম্যবাদী এ কবি জীবনভর সাম্রাজ্যবাদ আর প্রতিক্রিয়াশীলতার বিরুদ্ধে লড়াই করে গেছেন। ১৯৭১ সালে পাক হানাদার বাহিনীর নির্মম হত্যাযজ্ঞের প্রতিবাদে বাঙালির পক্ষে সোচ্চার ছিলেন তিনি। এমনকি পাকিস্তানের সামরিক শাসনের বিরুদ্ধে কলম ধরে জেলেও যেতে হয় তাকে।

 

 

 

৫.

‘কবি ফয়েজ আহমেদ ফয়েজ এবং হাম দেখেঙ্গে’ বিষয়ে আলোচনায় অংশ নিয়ে সংস্কৃতিজন ফরিদা হাফিজসহ আলোচকগণ বলেন, উর্দু কাব্যরীতিতে মুক্ত দৈর্ঘ্যের পদ্য ‘নজম’ নামে পরিচিত। ‘হাম দেখেঙ্গে’ তেমনই একটা নজম। পাকিস্তানে জিয়াউল হকের স্বৈরশাসনের মধ্যে ফয়েজের ‘হাম দেখেঙ্গে’ নজমটির জন্ম হয়েছিল। আইয়ুব খানের স্বৈরশাসনের পুরোটা সময় ফয়েজ জেলে ছিলেন এবং জেলে থাকা অবস্থায় তিনি ‘আজ বাজার মে...’ লিখেছিলেন। এই দুটো নজমেই তিনি স্বৈরাচারের বিরুদ্ধে বলিষ্ঠ বাণী দিয়েছেন। কারণ আমরা জানি- কবি, লেখক, শিল্পীসহ সব সৃষ্টিশীলরা স্বভাবতই স্বৈরশাসনের শত্রু। এটা লক্ষণীয় যে মৌলবাদীরাই এই ধরনের কবিতা অপছন্দ করেন। জুলফিকার আলী ভুট্টোকে হটিয়ে ১৯৭৭ সালে ক্ষমতা দখল করার পর পাকিস্তানের সামরিক শাসক জিয়াউল হক পাকিস্তানকে ইসলামীকরণের উদ্যোগ নেন। সংবাদমাধ্যম ও নাগরিক অধিকার খর্ব করে হরেক রকম কালাকানুন জারি করা হয়। দেশ থেকে হিন্দু সংস্কৃতির, অনৈসলামিক সংস্কৃতির প্রভাব নির্মূল করার জন্যও ফরমান জারি করা হয়। জিয়াউল হক অবৈধভাবে ক্ষমতায় বসেছিলেন। সেই সীমালঙ্ঘনকে ন্যায্যতা দিতেই ক্রমে ধর্মীয় কার্ড ব্যবহার করতে শুরু করেছিলেন। এ রকম পরিস্থিতিতে ১৯৭৯ সালে মার্কসবাদী কবি ফয়েজ আহমেদর ফয়েজ ‘হাম দেখেঙ্গে’ নামের এই নাজম বা বিশেষ ঢংয়ের কবিতাটি লিখেন। ফয়েজ তার এই নজমে তারই উত্তর দিয়েছিলেন ন্যায়বিচারের ইসলামি মূল্যবোধকে কাব্যিক ব্যঞ্জনায় তুলে ধরে। ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করা সামরিক জুলুমশাহির বিরোধিতা করতে গিয়ে ইসলামের সুফি দর্শনের আশ্রয় নেন ফয়েজ। অবশ্য জিয়াউল হকের রোষানলে পড়ে উর্দু ভাষার এই অসাধারণ কবিকে দেশ ত্যাগ করতে হয়েছিল। নিষেধ ও নিষেধাজ্ঞা যে শিল্পের আবেদন থামাতে পারে না, শাসকদের হাস্যকর সেই অজ্ঞতারও সাক্ষ্য হয়ে আছে ‘হাম দেখেঙ্গে’র ইতিহাস। স্বৈরশাসক জিয়া আজ নেই, কিন্তু নজমটি বেঁচে আছে এবং ক্রমে শক্তিশালী হচ্ছে।

 

 

৬.

পাকিস্তানের সামরিক শাসক জেনারেল জিয়াউল হকের শাসনকালে ফয়েজ আহমদ ফয়েজের কবিতা ‘হাম দেখেঙ্গে’ যে অসামান্য সৃষ্টি, তা আজও যে কোন স্বৈরশাসকের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে লড়াইয়ের এক বিশিষ্ট হাতিয়ার। ফয়েজ এই কবিতায় বলেছেন; "একদিন তোদের আমরা দেখে নেবো/ তোদের আমরা অবশ্যই দেখে নেব / এটা ঘটবেই, আমাদের তা দেখতেই হবে। আমরা দেখব .... / যেদিন জুলুম আর বেইনসাফের হিমালয় / তুলোর মতো ফরফর করে উড়ে যাবে তুফানে / মজলুমের পায়ের তলায় / ধরিত্রী কাঁপবে থর থর থর থর থর থর / আর ক্ষমতা আমাদের মাথার উপর / বিজলী ও বিদ্যুৎ চমকায় কর কর কর কর / আওয়াজ হবে / আমরা সেদিন তোদের দেখে নেব আমরা সেদিন তোদের দেখে নেবো।”

 



পরিবারের সদস্যদের সঙ্গে কবি ফয়েজ আহমদ ফয়েজ


 

৭.

এবার কবি ফয়েজ আহমদ ফয়েজকে নিয়ে সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করা যাক। তার বাবার নাম সুলতান মোহাম্মদ খান এবং মা ফাতেমা সুলতান। ধনাঢ্য পরিবারের সন্তান। মাত্র দুই বছর বয়সে তিনি মাকে হারান, কিন্তু আইনজীবী ও কূটনীতিক বাবা তার কোনো শখই অপূর্ণ রাখেননি। ফয়েজকে তার মুসলিম পারিবারিক ঐতিহ্যানুযায়ী, মাত্র চার বছর বয়সে স্থানীয় মক্তবে ভর্তি করানো হয়। শিক্ষাগুরু মৌলভী মুহাম্মদ ইব্রাহিম মীরের নিকটে ধর্মীয় দীক্ষা লাভের উদ্দেশ্যে তাকে প্রেরণ করা হয়। এরপর লেখাপড়া শুরু করেন শিয়ালকোটের মিশনারি স্কুলে, কবিতার সঙ্গে সেখানেই প্রথম পরিচয়। তারপর শিয়ালকোট ম্যারি কলেজ, লাহোর সরকারি কলেজ, ওরিয়েন্টাল কলেজে তিনি শিক্ষাগ্রহণ করেন। ইংরেজি, উর্দু, ফার্সি ও আরবি- এই চার ভাষায় তার সমান দখল ছিল। তুখোর উর্দু ভাষা জানতেন। তার ইংরেজি ভাষায় দক্ষতা ছিল অসামান্য। আরবিও জানতেন সমান তালে। অল্প বয়সেই তিনি বিয়ে করেছিলেন ব্রিটিশ তরুণী এলিসকে। তাঁদের ঘরে আলো করে আসেন দুই কন্যা। আরবি ও ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর ফয়েজ কর্মজীবন শুরু করেছিলেন অমৃতসর এম এ ও কলেজের ইংরেজির শিক্ষক হিসেবে ১৯৩৫ সালে। পরে চলে গেলেন লাহোর হ্যালি কলেজে। ১৯৪২ সালে শুরু করলেন সৈনিকের জীবন। ভারতীয় সেনাবাহিনীর ক্যাপ্টেন পদে যোগ দিয়ে ১৯৪৭ সালে লেঃ কর্ণেল পদে থাকাকালীন চাকুরি থেকে ইস্তফা দেন। এরপর দৈনিক পাকিস্তান টাইমস সম্পাদনার দায়িত্ব পালন করেন। ধর্মের ভিত্তিতে পাকিস্তানের সৃষ্টি, ফয়েজ তা অনুমোদন করেননি। ক্ষমতার কেন্দ্রে সামন্তবাদীদের আধিপত্য তাকে উদ্বিগ্ন করে। খুব দ্রুত তিনি নবগঠিত পাকিস্তানের শাসকগোষ্ঠীর সমালোচক হয়ে ওঠেন। সে সময়ই লিখেছিলেন, আঁধারে মোড়া যে সকাল হলো, এমন মিথ্যা স্বাধীনতার সকাল তো আমরা কেউ চাইনি।

 

 

৮.

ফয়েজ ১৯৩৬ সালে প্রগতিশীল লেখক সংঘে যোগদান করেন ও পাঞ্জাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া, ১৯৫৮ সালে প্রতিষ্ঠিত আফ্রো এশীয় লেখক সংঘের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। ফিলিস্তিনি আন্দোলনের পুরোধা ইয়াসির আরাফাতের অনুপ্রেরণায় আফ্রো এশীয় লেখক সংঘের মুখপত্র লোটাস সম্পাদনা করতেন বৈরুত থেকে। ১৯৫৯ সালে হলেন পাকিস্তান আর্ট কাউন্সিলের সম্পাদক। ১৯৬৪ সালে সাংবাদিকতা ছেড়ে চলে এলেন করাচিতে। আব্দুল্লাহ হারুন কলেজের অধ্যক্ষ হিসেবে শুরু করলেন নতুন কর্মজীবন। ভারত পাক যুদ্ধের সময় ('৬৫) তিনি ছিলেন পাকিস্তানের তথ্য অধিদপ্তরে। ১৯৮৪ সালে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল তার নাম। সেই মনোনয়নের তালিকা থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন ফয়েজ আহমেদ ফয়েজ তার বন্ধু ইয়াসির আরাফাতের অনুরোধে। ১৯৬২ সালে লেনিন শান্তি পুরস্কার পেয়েছিলেন।

 

 

৯.

প্রতিবাদী লড়াকু সত্তার জন্যই পাকিস্তানের কারাগারে কাটাতে হয়েছিল তাকে বেশ কয়েক বছর। তার প্রগতিশীল ভূমিকার জন্য এক রাওয়ালপিন্ডি ষড়যন্ত্র মামলায় ১৯৫১ থেকে ১৯৫৪ চার বছর জেল খেটেছেন। ১৯৫৮ সালে জঙ্গি শাসক আইয়ুব খান তাকে আবার জেলে পাঠায়। ১৯৭৭ সালে সবসময়ের পুলিশ নজরদারির আওতায় তাকে আবার রাখা হয়। জেলখানার মানুষের জীবন নিয়ে তার সোজাসাপ্টা কথা ছিল, ‘প্রেমের মতো, জেলখানাও মানুষের জীবনে একটা প্রধান অভিজ্ঞতা। তোমার অস্তিত্বের সামনে অনেক জানালা খুলে দেয় সে।’ জেলখানা নিয়ে ফয়েজ়ের এক কবিতা বাংলায় অনুবাদ করেছেন পুষ্পিত মুখোপাধ্যায়; ‘শরীর বন্দি, চিন্তাধারায় শিকলের বাঁধন / বিচারধারাগুলো সব বন্দিশালায়/...সাহসের সঙ্গে আমরা তবুও বেঁচে যাই।’ বিদ্রোহ থেকে প্রেম, ঐতিহ্য থেকে নতুনত্ব সব মিলেমিশে গিয়েছে তার কবিতায়। ‘স্বাধীনতার ভোর’ কবিতায় লিখেছিলেন, ‘শোনো, তোমরা শোনো, সেই যন্ত্রণার রাত এখনও ফুরোয়নি/ হাঁটা থামিয়ো না, দোহাই তোমাদের, হাঁটা থামিয়ো না।’

 

 

১০.

১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় যে হাতেগোনা কয়েকজন পাকিস্তানি বুদ্ধিজীবী বর্বর সামরিক আগ্রাসনের প্রতিবাদ জানান, ফয়েজ ছিলেন তাঁদের অন্যতম। ১৯৭১ সালের আগস্ট মাসে ফয়েজ ছাড়াও আর যাঁরা প্রতিবাদ বিবৃতিতে স্বাক্ষর করেন, তাঁরা হলেন মাজহার আলী খান ও তাহেরা মাজহার। পশ্চিম পাকিস্তানের ভয়াবহ শোষণ অত্যাচার থেকে তদানীন্তন পূর্ব পাকিস্তানের মানুষদের যে দুঃখ ভোগ এবং তা থেকে উত্তরণ সেক্ষেত্রেও ফয়েজ আহমেদ ফয়েজ, সীমান্ত গান্ধী খান আবদুল গফফর খান ও তার পুত্র ডঃ ওয়ালি খানের মতো বাঙালির মুক্ত চিন্তা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই, অর্থনৈতিক স্বাবলম্বন ইত্যাদি প্রশ্নে নিরন্তর সাহস যুগিয়েছেন বাঙালিকে। উৎসাহ দিয়েছে বাঙালিকে।

 

 

১১.

বাংলাদেশ নিয়ে তিনটি কবিতা রচনা করেন। দুটি কবিতা মুক্তিযুদ্ধ চলাকালীন ও অন্যটি ১৯৭৪ সালে বাংলাদেশ সফর শেষে রচনা করেন। ১৯৭১ সালে পাক হানাদার বাহিনী যখন গোটা বাংলাদেশ জুড়ে নরহত্যা চালাচ্ছে, সেই সময়কালে পশ্চিম পাকিস্তানে বসে ‘আমার শরীর থেকে দূরে থাক’ কবিতায় ফয়েজ আহমেদ ফয়েজ লিখেছিলেন ;

‘সাজাব তবে কীভাবে সাজাব গণহত্যার শোভাযাত্রা

আমার রক্তের চিৎকারে কাকে আকর্ষণ করব?’

বাংলাদেশকে নিয়ে আরেকটি কবিতা ‘বাংলাদেশ দুই’ কবিতার ফয়েজ বলেছিলেন ;

‘প্রত্যেক গাছ রক্তের মিনারের মত

প্রতিটি ফুল ও রক্ত মাখা

প্রতিটি চাহনি যেন রক্তের বর্শার তীর।’

স্বাধীন বাংলাদেশে ফয়েজ মাত্র একবারই এসেছিলেন, ১৯৭৪ সালে জুলফিকার আলী ভুট্টোর সফররত দলের সদস্য হিসেবে। ঢাকা সফরকালে তার অনেক বন্ধু ফয়েজের সাথে দেখা করেননি। যার মধ্যে অন্যতম ছিলেন শওকত ওসমান। ফিরে গিয়ে তিনি লিখলেন ‘ঢাকা থেকে ফেরার পর’ (‘ঢাকা সে ওয়াপসি’)। কবিতাটিতে তার আক্ষেপের সুর তীব্রভাবে ফুটে উঠেছে:

‘এত অন্তরঙ্গ হয়েও আমরা পরস্পর / এখনো অপরিচিত

আর কতবার দেখা সাক্ষাতের পর / আবার গড়ে উঠবে বন্ধুত্ব।’

 

 

১২.

অখণ্ড ভারতে জন্ম হওয়া মানুষটি পরবর্তীকালে পাকিস্তানের নাগরিক হয়ে তিনি যে পাকিস্তানের অত্যাচারিত মানুষদের কথাই কেবলমাত্র বলছেন, তা কিন্তু নয়। সামগ্রিকভাবে মানব জাতির পক্ষে যা ইতিবাচক, যা মঙ্গলজনক, সেই কল্যাণময় মন্ত্রই ফয়েজের সৃষ্টির মধ্যে দিয়ে বারবার উচ্চারিত হয়েছে। সেই সাথে জুলুমের বিরুদ্ধে জনগণের চিরায়ত স্বপ্নের কথাই বলেছে ফয়েজের কবিতা। ফয়েজ আহমেদ ফয়েজের উচ্চারণের ভেতরে আমরা যেমন বেদনাকে খুঁজে পাই, আবার তেমনি আমরা খুঁজে পাই সেই বেদনা থেকে উত্তরণের শক্তি। সেই বেদনাকে জয় করবার মতো মানসিক বল। কেবলমাত্র দুঃখবিলাসী কবি ফয়েজ আহমেদ ফয়েজ ছিলেন না। কীভাবে সেই দুঃখকে আত্মশক্তির দ্বারা অতিক্রম করে একটা সুন্দর লাল টুকটুকে দিন আনতে পারা যায়, সেদিকেই তিনি তার সকল সৃষ্টির লক্ষ্যকে নিবদ্ধ করেছিলেন। তাই আমরা যেন ফয়েজের প্রতিটি লেখার ভেতরেই নতুন করে আবিষ্কার করি, কাল থেকে কালোত্তরে মানুষের যে দুঃখ, যন্ত্রণা, লড়াই, হতাশা- এই সমস্ত রকমের বিষয়গুলিকে। আর সেই বিষয়গুলির মধ্যে থেকে উঠে আসে অনির্বচনীয় আনন্দ। বস্তুবাদী, মার্কসবাদী বিপ্লবে সামাজিক পরিবর্তনের সম্ভাবনায় গভীর বিশ্বাসী, জেনেছেন সেই বিপ্লবেই আসবে গোষ্ঠীবদ্ধ মানুষের মুক্তি। আর তাই ফয়েজের কবিতা শুধু রাজনৈতিক স্টেটমেন্ট না হয়ে তা হয়ে ওঠে একাধারে আমাদের স্বপ্ন ও অপূর্ণতার আন্তরিক বিবৃতি। তিনি এমন এক কবি- সীমান্ত-চিহ্ন দ্বারা যার পরিচয় সীমাবদ্ধ নয়, তার স্মৃতির প্রতি জানাই অসীম শ্রদ্ধা।


ক্যাটেগরিঃ লেখালেখি,


আবদুল্লাহ আল মোহন

সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ভাসানটেক সরকারি কলেজ, ঢাকা



আরো পড়ুন