English
ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

প্রকাশঃ ২০২৬-১০-১৩ ১৩:২৪:০০
আপডেটঃ ২০২৬-১০-১৪ ০৪:১২:১০


মুসলিম রেনেসাঁর কবি গোলাম মোস্তফা : সাহিত্য ও জীবন

মুসলিম রেনেসাঁর কবি গোলাম মোস্তফা : সাহিত্য ও জীবন


চিশতী মাহমুদ হাসান

বাঙালি মুসলিম সমাজের জাগরণ, ধর্মীয় চেতনার পুনরুজ্জীবন এবং বাংলা সাহিত্যের ভাবসম্পদকে সমৃদ্ধ করার ক্ষেত্রে যে কজন মনীষী কালজয়ী অবদান রেখেছেন, কবি গোলাম মোস্তফা তাদের মধ্যে অন্যতম। বিংশ শতাব্দীর প্রথমার্ধে যখন বাঙালি মুসলমান সমাজ আধুনিক শিক্ষা, সংস্কৃতি ও আত্মপরিচয়ের সংকটে ভুগছিল, তখন তিনি তার লেখনীর মাধ্যমে সেই সমাজে নতুন প্রাণের সঞ্চার করেছিলেন। তিনি একাধারে কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, অনুবাদক এবং শিক্ষক। ইসলামের শাশ্বত আদর্শ, মহানবী (সা.)-এর জীবন মহিমা এবং আধ্যাত্মিক প্রেমকে তিনি তার কাব্যের মূল উপজীব্য করেছিলেন।
তাই
প্রতি বছর ১৩ অক্টোবর মহান এই সাধকের প্রয়াণ দিবস গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।

জন্ম ও পারিবারিক পটভূমি

কবি গোলাম মোস্তফা ১৮৯৭ সালে (মতান্তরে ১৮৯৫) তৎকালীন যশোর জেলার (বর্তমান ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার মনোহরপুর গ্রামে) এক সম্ভ্রান্ত মুসলিম কাজী পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা কাজী গোলাম রব্বানী এবং পিতামহ কাজী গোলাম সারওয়ার দুজনেই ছিলেন সাহিত্যানুরাগী-ফারসী ও আরবী ভাষায় সুপন্ডিত ও লোকোকবি।

 পারিবারিক পরিমণ্ডলেই কবির সাহিত্য ও সংস্কৃতির প্রতি অনুরাগ গড়ে ওঠে। তাদের পরিবার আরবি, ফারসি এবং বাংলা ভাষার চর্চায় অত্যন্ত সমৃদ্ধ ছিল। শৈশব থেকেই পিতার সাহিত্য প্রীতি এবং বাড়িতে নিয়মিত আসা বিভিন্ন সাময়িকী (যেমন: বঙ্গবাসী, হিতবাদী) গোলাম মোস্তফার মনে কবিসত্তার বীজ রোপণ করে।

 শিক্ষা জীবন

কবির প্রাথমিক শিক্ষার হাতেখড়ি হয় দামুকদিয়া গ্রামের পাঠশালায়। এরপর তিনি শৈলকুপা হাই স্কুলে ভর্তি হন এবং সেখান থেকেই ১৯১৩ সালে এন্ট্রান্স (মাধ্যমিক) পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। উচ্চশিক্ষার জন্য তিনি কলকাতায় গমন করেন এবং ১৯১৮ সালে রিপন কলেজ (বর্তমান সুরেন্দ্রনাথ কলেজ) থেকে বিএ ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে শিক্ষা বিস্তারে নিজেকে যোগ্য করে তুলতে ১৯২২ সালে ডেভিড হেয়ার ট্রেনিং কলেজ থেকে বিটি (ব্যাচেলর অব টিচিং) ডিগ্রি অর্জন করেন।

 কর্মজীবন ও শিক্ষকতা

গোলাম মোস্তফা পেশাগত জীবনে ছিলেন একজন আদর্শ শিক্ষক। ১৯২০ সালের জানুয়ারি মাসে ব্যারাকপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক হিসেবে তার কর্মজীবন শুরু হয়। দীর্ঘ ৩০ বছরের শিক্ষকতা জীবনে তিনি কলকাতার হেয়ার স্কুল, কলকাতা মাদ্রাসা এবং বালিগঞ্জ সরকারি ডেমনস্ট্রেশন হাই স্কুলসহ বিভিন্ন নামকরা শিক্ষা প্রতিষ্ঠানে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি বাঁকুড়া জেলা স্কুল এবং ফরিদপুর জেলা স্কুলের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন শেষে ১৯৫০ সালে অবসর গ্রহণ করেন। এ ছাড়া তিনি ১৯৪৯ সালে গঠিত পূর্ব বাংলা সরকারের 'ভাষা সংস্কার কমিটি'-র সম্পাদক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

সাহিত্য সাধনা ও কাব্যজগৎ

কবি গোলাম মোস্তফার সাহিত্যিক জীবন প্রায় অর্ধশতাব্দী (৪৮ বছর) ব্যাপী বিস্তৃত ছিল। অষ্টম শ্রেণীতে পড়ার সময় ১৯১৩ খ্রিষ্টাব্দে ‘সাপ্তাহিক মোহাম্মাদী’তে ‘আন্দ্রিয়ানোপল উদ্ধার’ শিরোনামের কবিতা প্রকাশের মধ্য দিয়ে তার সাহিত্য জগতে প্রবেশ। মুসলিম জাগরণের অগ্রদূত কবি গোলাম মোস্তফার অবদান বাংলা সাহিত্যে এক বিরল দৃষ্টান্ত। স্কুল জীবনেই এই কবির সাহিত্য প্রতিভার বিকাশ ঘটে। এ সময় তাঁর ‘আর্দ্রিয়ানোপল উদ্ধার’ কবিতাটি মাসিক মোহাম্মদী পত্রিকায় প্রকাশিত হয়। তার প্রথম কাব্য গ্রন্থ ‘রক্ত রাগ’ প্রকাশিত হলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নিচের দু’লাইন কবিতার মাধ্যমে কবিকে অভিনন্দিত করেছিলেন-

“তব নব প্রভাতের রক্তরাগখানি

মধ্যাহ্নে জাগায় যেন জ্যোতির্ময়ী বাণী।”

তার কাব্য সাধনার মূল বৈশিষ্ট্য ছিল সাবলীল ছন্দ, সরল ভাষা এবং গভীর ভাবাবেগ।

তার প্রধান সাহিত্যকর্মগুলোর সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হলো:

প্রধান কাব্যগ্রন্থসমূহঃ-
* রক্তরাগ (১৯২৪): এটি কবির অন্যতম শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। এতে ইসলামের গৌরবময় ইতিহাস এবং মুসলিম পুনর্জাগরণের সুর ধ্বনিত হয়েছে।

* হাসনাহেনা: কবির রোমান্টিক ও প্রেমচেতনার এক অনন্য প্রকাশ এই গ্রন্থটি।

* খসরোজ ও সাহারা: এই কাব্যগ্রন্থগুলোতে আধ্যাত্মিকতা, প্রকৃতি প্রেম এবং মানবীয় অনুভূতির চমৎকার মেলবন্ধন ঘটেছে।

* বনি আদম (১৯৫৮): মানবজাতির সৃষ্টি, ক্রমবিকাশ এবং দার্শনিক তত্ত্বকে কেন্দ্র করে রচিত এই মহাকাব্যধর্মী গ্রন্থটি তার চিন্তাশীলতার পরিচয় বহন করে।

* অন্যান্য উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে তরানা-ই-পাকিস্তান, বুলবুলিস্তান এবং কবি ইকবালের কবিতার অনুবাদ কালাম-ই-ইকবাল।


 কালজয়ী জীবনীগ্রন্থ: 'বিশ্বনবী'

বাংলা সাহিত্যে কবি গোলাম মোস্তফার নাম চিরস্মরণীয় হয়ে থাকার অন্যতম প্রধান কারণ তার রচিত ‘বিশ্বনবী’ (১৯৪২) গ্রন্থটি। এটি ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনের ওপর আধারিত একটি অসাধারণ জীবনীগ্রন্থ। গদ্যের লালিত্য, তথ্যের নির্ভুলতা এবং ভক্তির চরম প্রকাশে গ্রন্থটি বাংলা সাহিত্যের এক অনন্য সম্পদ। বহু অমুসলিম পণ্ডিত ও সাহিত্যিকও এই বইটির প্রশংসা করেছেন। ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, এই গ্রন্থটি ভাষা, তথ্য ও দর্শনের দিক থেকে অতুলনীয় এবং এটি কবির গভীর গবেষণা ও নবী-প্রেমের এক উজ্জ্বল নিদর্শন। এ ছাড়াও তিনি 'বিশ্বনবীর বৈশিষ্ট্য' এবং 'হযরত আবু বকর' নামক জীবনীগ্রন্থ রচনা করেন।

উপন্যাস ও অন্যান্য রচনা

কাব্য ও জীবনীর পাশাপাশি কথাসাহিত্যেও তার বিচরণ ছিল। তার লেখা দুটি বিখ্যাত উপন্যাস হলো ‘রূপের নেশা’ এবং ‘ভাঙাবুক’।

 

 অনুবাদ 

আল-কুরআন (আংশিক), মুসাদ্দাস-ই-হালী, কালাম-ই-ইকবাল |অনুবাদক হিসেবেও কবি গোলাম মোস্তফার বিশেষ খ্যাতির পরিচয় পাওয়া যায়। আরবী ও উর্দু সাহিত্য হতে নিম্নলিখিত গ্রন্থগুলি ভাষান্তরিত করে বাংলা সাহিত্যকে তিনি সমৃদ্ধ করেছেন। ‘ইখওয়ানুস সাফা’, ‘মুসাদ্দাস-ই-হালী’,- ‘কালাম-ই-ইকবাল’, ‘শিকওয়া’ ও ‘আল-কুরআন’ তার ভাষান্তরিত গ্রন্থগুলির অন্যতম। এছাড়া, চিন্তামূলক ও যুক্তিবাদের উপর লিখিত আরও কিছু গ্রন্থাবলী তিনি রচনা করেছিলেন। ‘ইসলাম ও কমিউনিজম’, ‘ইসলামে জেহাদ’, ‘আমার চিন্তাধারা’, এগুলি তার গভীর চিন্তাধারার জ্ঞানলব্ধতার ফসল।

কবি গোলাম মোস্তফার ‘বিশ্বনবী’ একটি আশ্চর্য রকমের সফল সৃষ্টি। এই অমর গ্রন্থখানি গদ্যে রচিত হলেও সে গদ্যও কবিতার মত ছন্দময় এবং মধুর। গ্রন্থখানা বিশ্বনবী হয়রত মুহম্মদ এর একটি সার্থক জীবন চরিত। গ্রন্থটিতে হৃদয়ের আবেগ, আন্তরিক অনুভূতি যে ভাবে বর্ণিত হয়েছে তার তুলনা আমাদের বাংলা সাহিত্যে নিতান্তই বিরল। এর পরবর্তীকালে তিনি কোরানিক ঘটনার অমিত্রাক্ষর ছন্দে ‘বনি আদম’ নামে একটি মহাকাব্য লিখেছিলেন। যা বাংলা সাহিত্যে এক অমর ও অক্ষয় কীর্তি।

সঙ্গীতের ক্ষেত্রে তার উল্লেখযোগ্য প্রতিভার পরিচয় পাওয়া যায়। গায়ক ও গীতিকার হিসেবে তিনি বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন। বিশেষ করে ইসলামী গান, গজল ও মিলাদ মাহফিলের বিখ্যাত ‘কিয়ামবাণী’ (রসুল আহবান বাণী) রচনায় তিনি ছিলেন অদ্বিতীয়। তার অনেকগুলি গান আব্বাস উদ্দীনের কণ্ঠেও রেকর্ড হয়েছিল। এছাড়া নিজের কণ্ঠেও তিনি বেশ কয়েকটি গান রেকর্ড করেছিলেন।

গোলাম মোস্তফার সাহিত্যের বেশির ভাগের মূল বিষয় ইসলামী আদর্শ ও মুসলিম ঐতিহ্য। নিছক সৌন্দর্য সৃষ্টির উদ্দেশ্যে তিনি লিখেননি; বরং ইসলাম ও ইসলামী আদর্শ রূপায়নের জন্যই লিখেছেন তিনি। তিনি রসাত্মক কবিতা রচনা করলেও কুরআন-হাদিস তথা ইসলামী আদর্শ ঐতিহ্যের প্রতি ছিলেন তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন। কোনো রচনাই যেন ইসলাম পরিপন্থী কিংবা ইসলামের বিকৃত উপস্থাপন না হয় সে দিকে তিনি ছিলেন সদা সতর্ক। ইসলামী চেতনার রূপায়ণই তার সাহিত্য-সাধনার প্রধান উদ্দেশ্য এবং মুসলিম সমাজের সাহিত্য-সংস্কৃতির জাগরণ ছিল তার লক্ষ্য। তার জীবন সাধনায় মুসলিম বৈশিষ্ট্য ও স্বাতন্ত্র্যমণ্ডিত বিষয়াবলিকেই সাহিত্যে রূপায়িত করেছেন।


আদর্শিক দৃষ্টিভঙ্গি ও রাজনৈতিক চেতনা

কবি গোলাম মোস্তফা প্যান-ইসলামিজম বা বিশ্ব মুসলিম ভ্রাতৃত্ববোধে বিশ্বাসী ছিলেন। তিনি মনে করতেন পৃথিবীর সব মুসলিম ভৌগোলিক সীমানা নির্বিশেষে এক অবিচ্ছেদ্য জাতি। এই বিশ্বাসের কারণে তিনি তৎকালীন মুসলিম লীগের দ্বি-জাতি তত্ত্বকে সমর্থন করেন,তবে রাজনৈতিক মতাদর্শ যা-ই হোক না কেন, বাংলা ভাষা ও সাহিত্যের প্রতি তার ভালোবাসা ছিল অকুণ্ঠ।


পুরস্কার ও স্বীকৃতি

বাংলা সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ কবি গোলাম মোস্তফা জীবদ্দশায় ও মরণোত্তর বহু সম্মাননায় ভূষিত হন:

* যশোর সংঘ থেকে তাকে ‘কাব্য সুধাকর’ উপাধিতে ভূষিত করা হয়।

* তৎকালীন সরকারের কাছ থেকে তিনি উচ্চ মর্যাদাপূর্ণ ‘সিতারা-ই-ইমতিয়াজ’ খেতাব লাভ করেন।

* সাহিত্য সেবার জন্য তিনি ‘প্রেসিডেন্ট মেডেল’ (রাষ্ট্রপতি পদক) অর্জন করেন।


পারিবারিক জীবন ও উত্তরাধিকার;

ব্যক্তিগত জীবনে কবি গোলাম মোস্তফা চার পুত্র ও তিন কন্যার জনক ছিলেন। তার সন্তানরাও বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে বিশাল অবদান রেখেছেন। তার তিন পুত্রের মাঝে বড়ো ছেলে প্রখ্যাত শিক্ষক মোস্তফা আব্দুল আজীজ দীর্ঘ সময় ধরে ক্যাডেট কলেজে (রাজশাহী ক্যাডেট কলেজ সহ বিভিন্ন ক্যাডেট কলেজে) শিক্ষাকতা করেছেন। দ্বিতীয় ছেলে হলেন বিখ্যাত পাপেটনির্মাতা ও চিত্রশিল্পী মুস্তফা মনোয়ার এবং সাম্প্রতিককালের অস্কারজয়ী বাংলাদেশী নাফিস বিন জাফর  এছাড়াও প্রবাসী কবি ও অনুবাদক ফরিদা  মজিদ ও শিশুসাহিত্যিক, মনোবিজ্ঞানী ফাহমিদা মঞ্জু মজিদ তার নাতনী।


কবি গোলাম মোস্তফার সঙ্গে  নাতনী শিশুসাহিত্যিক, মনোবিজ্ঞানী ফাহমিদা মঞ্জু মজিদ 


প্রয়াণ ও মহাপ্রস্থান

এই মহান সাহিত্যসাধক ১৯৬৪ সালের ১৩ অক্টোবর মস্তিষ্ক রক্তক্ষরণজনিত কারণে  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর মধ্য দিয়ে  বাংলা সাহিত্যের একটি সোনালী অধ্যায়ের অবসান ঘটে।  
কবি গোলাম মোস্তফা কেবল একজন কবি ছিলেন না, তিনি ছিলেন বাঙালি মুসলিম সমাজের আত্মআবিষ্কারের পথপ্রদর্শক। ধর্মীয় রক্ষণশীলতার ঊর্ধ্বে উঠে সাহিত্যের নান্দনিক রূপটি বজায় রেখে কীভাবে আদর্শিক চর্চা করা যায়, তা তিনি দেখিয়ে গেছেন। আজ কবির প্রয়াণ দিবসে তার প্রতি জানাই গভীর শ্রদ্ধা। বর্তমান প্রজন্মের কাছে তার অসাম্প্রদায়িক নৈতিক শিক্ষা, ছন্দোময় কবিতা এবং বিশেষ করে ‘বিশ্বনবী’র মতো কালজয়ী গ্রন্থের মর্মার্থ পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি, যা একটি সুন্দর ও নৈতিক সমাজ গঠনে অনুপ্রেরণা জোগাবে।


 লেখক
পরিচিতি



চিশতী মাহমুদ হাসান: সাংবাদিক, সংগঠক ও প্রকাশক।

 

 

 

 


ক্যাটেগরিঃ শিল্প ও সংস্কৃতি, লেখালেখি,


আরো পড়ুন